লেবেল

নতুন চাঁদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নতুন চাঁদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ১০।। চাঁদ —বাবলু গিরি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ১০।। 





চাঁদ 

বাবলু গিরি


এক জরাজীর্ণ ফ‍্যাকাসে হলুদ শাড়ী লুটিয়ে উলুথুলু চাঁদ 

পাগলের মতো ছুটছে আকাশ জুড়ে 

কত যে বসন্ত গ্রীষ্ম জুড়ে খুঁজে চলেছো 

          একটুখানি আলোর উত্তাপ 

কোথায় চলেছে কোন ঠিকানায় 

         কত অজানা বছর ধরে

                   এই পৃথিবী ছেড়ে 

                           কত দূরে যাবে

হে চাঁদ 

পূর্ণিমার চাঁদ, এই সূর্যকে ছেড়ে 

      মেঘের বনানী ভেদ করে 

               নদীর হৃদয়ে আছড়ে পড়ো 

গলানো সোনা হয়ে  

       বরফের চূড়ায় ঝলমল করো 


হে চাঁদ 

কৃষকের কাস্তের মতো একাদশীর চাঁদ 

হে চাঁদ 

পবিত্র ঈদের চাঁদ, 

           কোজাগরী লক্ষীর পূর্ণ চাঁদ

প্রেমের করবা চৌথ, 

               কার্তিক চতুর্থীর চাঁদ

পূর্ণ ৺চাদের রাতে

ভিখারির ভিক্ষার মুদ্রাগুলো 

                চক্ চকে হেসে ওঠে

শিশুর কপালের টিপ তখন

                   ঝলমলে পূর্ণিমা 

রমণীর চাঁদপনা স্তন গরবে উথালপাতাল    


ওহো চাঁদ কবিতার চাঁদ প্রেমের চাঁদ

             তুমি ঝলসানো রুটি হয়ে 

ক্ষুধার ঘরে এসো, প্রেমের কুটিরে এসো


সোনালী জোছনা আঁচল লুটিয়ে 

          কোথায় চলেছ গরবিনী

তোমার মায়ায় 

 জীবনভোর কীর্তনের নৃত্যে জোছনা মেখেছি

হাবুডুবু খেয়েছি কৃষ্ণচতুর্দশীর যমুনায় 


ওহো চাঁদ আহা চাঁদ, বুড়ো চাঁদ ছুঁড়ি চাঁদ

লহ্মী চাঁদ রাক্ষুসী চাঁদ, মরা চাঁদ পোড়া চাঁদ

 আহা চাঁদ ওহো চাঁদ হাহা চাঁদ ওহ্ চাঁদ বাহ্ চাঁদ।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৯।। চাঁদনী রাতে মনের সাথে —জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৯।। 




চাঁদনী রাতে মনের সাথে 
জয়শ্রী সরকার 

চাঁদনী রাতে মনের সাথে এই সাধারণ মেয়ে
আপন মনে যায় সে ভেসে সুরের তরী বেয়ে।
বুকের ভিতর উথাল-পাথাল কোন্ সে সুদূর টানে
মন চলে যায় দূর-বহুদূর আপন-ভোলা প্রাণে !

স্নিগ্ধ আলোর পরশ পেয়ে এই সাধারণ মেয়ে
চাঁদকে নিয়ে মিষ্টি সুরে উঠলো সে গান গেয়ে।
জ্যোৎস্না আলোর কুচি মেখে গাছের পাতা দোলে
এই আমিটা একাই হাসে খুশির কলরোলে !

চোখ চলে যায় নদীর জলে পূর্ণিমা চাঁদ দেখে
ঢেউয়ের তালে দুলছে সে চাঁদ ভাসছে এঁকেবেঁকে।
জ্যোৎস্না রাতে ফুলগুলো সব আনন্দেতে মাতে
মিষ্টি-মধুর হিমেল হাওয়ায় রূপটি খোলে তাতে !

যতবার ডাকি আয় চাঁদ আয়, চাঁদ চলে যায় সরে
এমনি করেই মোহময় চাঁদ মনকে তোলে ভরে।
মায়ের কোলে চাঁদের হাসি অপূর্ব এক শোভা
মায়ার কাজল মেখে সে তো বড়ই মনোলোভা !

চাঁদনী রাতে মনটা যে চায় একটু একা হতে
সৃষ্টি-সুখে ভাসবে সে তো মিষ্টি আলোর স্রোতে।
মনের সাথে চাঁদনী রাতে খেলবো সৃজন খেলা
অক্ষরেরা সার বেঁধে তো গাঁথবে শব্দ-ভেলা !

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৮।। নতুন চাঁদ — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৮।। 




নতুন চাঁদ 

জীবন সরখেল 


ডিসেম্বর মাস এলে পরেই
তাকায় আকাশ পানে
মহাজাগতিক বদল সব 
ভীষণ রকম টানে।
চাঁদ গ্রহ তারা উল্কাপাত 
রাতের আকাশ জুড়ে 
চাঁদের অবস্থান বদল বেশ 
দেখি কাছে দূরে।
দিনের বেলায় খালি চোখেও
নতুন চাঁদ যায় দেখা 
পশ্চিম পূব উত্তর দক্ষিণেও
'সে' যে ঘোরেই একা!
জ্যোতির্বিজ্ঞান গবেষকগণ 
থাকেন এই অপেক্ষায় 
এক ডিসেম্বর মাস খুলবেই দ্বার 
নতুন দশা দিশায়...

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৭।। চাঁদ বিষয়ক চার-চারটি চার্লাইন! — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৭।। 




চাঁদ বিষয়ক চার-চারটি চার্লাইন!

গোবিন্দ মোদক


১.
থুত্থুড়ি ওই চাঁদের বুড়ি 

থুত্থুড়ি ওই চাঁদের বুড়ি চরকা কাটে ভোর থেকে;
সুতোগুলো আলোর রঙে রাঙিয়ে নিয়ে দেয় রেখে!
সন্ধ্যা হলেই জোছ্না সুতোয় উড়িয়ে দেয় চাঁদ-ঘুড়ি;
স্নিগ্ধ আলো ছড়িয়ে হাসে থুত্থুড়ি সেই চাঁদবুড়ি!!


২.
চশমা ছাড়া চাঁদের বুড়ি

চশমা ছাড়াই চাঁদের বুড়ি বেশ তো দেখে চোখে!
রহস্যটা জানতে তাকে ডাকলো স্বর্গলোকে !!
রহস্যটা জেনে নিয়ে কুবের হল ধনী !
পেজে গিয়ে লাইক-শেয়ার করো রে এক্ষুণি !!

৩.
চাঁদের বুড়ির চোখ

চুপি চুপি বলে গুপি -- করেছি এক ফন্দি!
থুত্থুড়ি ওই চাঁদের বুড়ি করব তাকে বন্দি!!
চশমা ছাড়াই সুতো কাটে বুড়ির এমন চোখ,
বিদ্যেটা ভাই নেবো শিখে হবো বড়লোক!!



৪.
চাঁদের বুড়ি খায় যে মুড়ি

চাঁদের বুড়ি খায় যে মুড়ি চরকা চালায় জোরে,
চশমা ছাড়াই সুতো কাটে সারাটা রাত ধরে !
রহস্যটা জানতে গিয়ে হোলো গবেষণা ,
জানা গেল চোখে বুড়ি লাগায় গোরুর চোনা !!

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৬।। চাঁদের নরম গায়ে কবিতার ছায়া — তারাশংকর দে।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৬।। 








চাঁদের নরম গায়ে কবিতার ছায়া
   তারাশংকর দে 



যখন কবিতা লিখি—
চাঁদের নরম গায়ে চাঁদের আলো
আঙুলে লেগে থাকে নিঃশব্দে,
দেহ শূন্য হয়ে যায় সাদা পাতা,
আর হৃদয় ভিজে ওঠে সৃষ্টির
অদ্ভুত মহাকাশীয় স্পর্শে।

যখন কবিতা লিখি—
বোধের ভিতরে জন্ম নেয়
এক অনির্বচনীয় মহাজাগতিক আলো,
যেখানে শব্দেরা হয়ে ওঠে
তারার মতো উজ্জ্বল
এবং নীরবতারাও
নিজস্ব ভাষায় 
কথা বলতে শেখে।

হয়তো—
ফিকিরের পথে 
কোনো হিসেব-নিকেশ নেই,
কিন্তু মন তখন ফকির হয়ে
নিঃস্বতার সৌন্দর্য খুঁজে ফেরে
বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি নক্ষত্রে।

চাঁদের নরম গায়ে
কলম ছুঁয়ে দিলে
জন্ম নেয় 
কবিতার চিরন্তন ছায়া—
যেখানে ভালোবাসা, 
আলো আর অনন্ত স্বপ্ন
চুপচাপ বাসা বাঁধে।

চাঁদের নরম গায়ে কবিতার ছায়া—
এভাবেই জন্ম নেয়
অমোঘ, অবিনশ্বর সৃষ্টির আলো।

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৫।। মধুচন্দ্রিমা — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৫।। 



মধুচন্দ্রিমা 

দীপক বেরা 

সাদা পাতার ওপর নগ্ন মানুষের ছায়া 
আজ একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে মনে হয় 
এই জল, মাটি, বাতাস—সবাই প্রতারক 
ছাপাখানা ক্ষমতার লিখনের অক্ষম পুতুল 
মৃত নক্ষত্রের গ্রামে দূরে ফ্যাকাসে চাঁদ উঠছে... 
আধখোলা দরজায় ঠেস দিয়ে সমর্পিত নরনারী
সবাই ভাবছে— ওটাই তো অবিকল সূর্য! 

গান থেমে গেছে, শুদ্ধ শিকড়ের পাদদেশ
থেকে দূরে দাঁড়িয়ে সমকাল
মহামান্য ন্যায়ের ধ্বজাধারীরাও আজ বড় 
অভ্যর্থনাপ্রিয়
মূক ও বধির মানুষদের আজ মধুচন্দ্রিমা...

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৪।। প্রেমিক চাঁদ —পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৪।। 



প্রেমিক চাঁদ

পুষ্প সাঁতরা


চাঁদকে আমি প্রেমিক দেখি
নিত্য নতুন সাজে
জ্যোৎস্নাতে স্নান সেরে নিই
আলোর নুপুর বাজে।
তিথি ধরে রূপ বদলায়
ক্ষীণ হতে হতে পূর্ণ
আমিও তখন সাজ বদলাই
নিজের দর্পচূর্ন।
চাঁদ ছাড়া আমি বাঁচবো না
বুকের গভীরে বাস
স্বপ্ন নিয়ে দুজনের সুখ
কাটাই বারমাস।

বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৩।। চাঁদের সংক্রামক, চিতা কাঠ , চর্ম চক , চৌহদ্দির চুম্বন ও চরস চ — নিমাই জানা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৩।। 






চাঁদের সংক্রামক, চিতা কাঠ , চর্ম চক , চৌহদ্দির চুম্বন ও চরস চ

নিমাই জানা 

মশান সাধনার ৬৪ পর্বের অক্ষয় চিতা কাঠে চিৎ হয়ে শুয়ে থাকা আধারিত কোন সোমনাথের প্যালেট, সমুদ্রের মাঝে ভেসে থাকা জীবন্ত উনুনের রেডিয়াস লিঙ্গ বিহীন একটা মহাকর্ষীয় টান সব গ্র্যাভিটেশনাল রেডিয়ান দানা কিলবিল করছে ডিম্বাণুর উদর দেশ ভেদ করে ঘুরতে থাকা সব গর্ভের ভেতরে ফেলোপিয়ানের মায়া গন্ধকের নির্মম ছাল ছাড়ানো ফলের ভস্ম আধার(∆), মহাকর্ষীয় মহাজাগতিক কোয়ান্টামের এক একটা কক্ষপথ থেকে ছেড়ে আসা কালো ধুতরার মাংসল গলগন্ড প্রহর দোষ কেটে যাচ্ছে অশৌচের মতো , প্রতিটা নক্ষত্রের শরীর থেকে লাল কালো বাদামী তামাটে আর ভয়ানক অগ্নুৎপাতের মশান সাধনার অতিভৈরব পিরীতের রক্ত সংক্রামিত লালা চুঁইয়ে চুঁইয়ে ক্যাপসুল জনিত নক্ষত্রের মাংস গলে গলে পড়ছে , উল্টো দিকে মুখ করে ঝুলে আছে জেব্রার জিব কবরের হাতি কালো কাঁকড়ার ব্ল্যাকহোল অ্যাস্ট্রো (xxx.op) ফিজিওলজিক্যাল নক্ষত্রের মাংস এস্কেপ ভেলোসিটি স্পন্টেনিয়াস চাঁদের ওভার ফ্লো বীর্য কেতু রহস্যের দাঁত, হাফ উষ্ট্রাসনের নাভি আমি অপ্সরাদের নখর গর্তে অশ্লীল গুঁড়ো আর ভ্যাজাইনেল গলার ভেতরে ঢুকিয়ে দেবো হেটারোজাইগাস সিভিও অপটিক্যাল ধর্ম ট্যাকটিক কালপুরুষের কঙ্কাল , ভয়ানক সিলিকনের চটচটে আঠা বিক্রি হবে মহাকাশের ধর্ম যুদ্ধ হাটে ভয়ানক তুষারাবৃত ঝড় {√2vr}ক্যানিয়ন মঙ্গল গ্রহের ফেরাস খাদ্যদ্রব্যের বন্ধ্যাত্ব উনবিংশতি তম নদী নগরবিহীন চক্রাকারে কেটে রাখা তৈলাক্ত বমিতে পালতোলা নোঙর বেরাচ্ছে চামড়া উঠা সেরেবেলাম চাদর গায়ে দিয়ে , আমার কাটা মাথা একসাথে জড়ো হয়ে প্রলয়ের মতো ঘুরতে ঘুরতে ভূমিকম্পের প্রদাহ দোষে ব্ল্যাকহোলে ঢুকিয়ে দেবো আমার তরুণাস্থি চাঁদের কঙ্কাল হার্মাদ ষোড়শ যৌনাঙ্গের বিভীষিকা আর শক্ত সামর্থ্য অতিরিক পঞ্চদেশের শিথিল উপগ্রহ পাখনা এখনই উৎক্ষেপণ করবে গলায় মদ ঢেলে বিকারগ্রস্ত হবে জরায়ু ফাঁকা করে শুয়ে থাকা উপগ্রহের পাইন গাছের মাথা থেকে লাফিয়ে নামবো তুলো ভর্তি অনুগ্রহের ভিতরে সেখানে অপ্সরাদের ডান স্তন থেকে ঝুলে পড়বো। কিলবিল করবে এক একটা কালো তারা খচিত উন্মাদ ও বিষাক্ত প্রমোদক এখানে ছায়ার উপর ছায়া কিম্ভুত কিমাকার আমারই প্রতিটি অশ্লীল প্রতিবিম্বে মুখ ঢুকিয়ে হাসতে থাকবে প্রস্রাব করতে থাকবে প্লানচেটের লিলিথ এনোরিয়াম নীলসোরিয়াস লিলিথ মিথ কোন প্লানেটরিয়াম , নাভির অর্থ থেকেই নাইট মেয়ারেরা কালো বক্ষবন্ধনীতে বেঁধে দেবে নষ্ট চাঁদের (<0 )এক নির্জন হিমায়িত ক্রুশকাঠের তৈরি যিশুর উন্মাদ কবর, ধারালো চুম্বক ছুঁড়ে দেবো মরা চাঁদের দিকে আমার যোনি গর্তের সব চামড়া বিছিয়ে দেব কালো রঙের নীল ও জিওগ্রাফিক হত্যাকান্ডে ক্রমশ হন্টেড করতে থাকলেই আমার ভারী জল গড়িয়ে পড়বে আমি অর্গাজমে বাধ্য করব নীল ক্ষার জলে নেমে আত্মহত্যার সস্তা দরজায় ঢুকে যাওয়ার জন্য হিহি করে হাসবো তৃপ্ত হয়ে সম্ভোগের পোশাক খুলে ফেলব বিদূরগ্রস্ত সব চাঁদের নগ্ন শরীরে ,পারলৌকিক ক্রিয়া দেখাবো কালচে রঙের সব কক্ষপথ আলগা হয়ে যাবে উপাখ্যান বহির্ভূত নেশাচোর মস্তিষ্ক বিহীন ধর্ম কাটারের ব্লেড কালো কালো হড়হড়ে শুক্র বীজ বহির্ভূত বডি পেন্টিং শৈলেশ্বর রাজের ব্রেসিয়ার দাঁত ছিঁড়ে দিয়ে সাদা ঘরে অরুন্ধতীর দেশে একা একাই ধ্রুবতারা লাফাচ্ছে , কতদিন ধর্মরাজ্যে চর্ম রোগের ছত্রাক মাথায় নিয়ে ডলফিন খেতে হত্যা করেনি ইউরেনাসের চামড়া বোঝাই কোন বৈমানিক গান্ধর্বের তিনজন গাণ্ডীব, গন্ডার ও গরুড় পাখি , ক্রমশ ধাতুশূন্য হয়ে যাচ্ছে লোহিত কালারের পরকীয়া চাঁদের থোরাসিক  

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ২।। পরম দোসর — মুক্তি দাশ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ২।। 



পরম দোসর

মুক্তি দাশ 
-

চাঁদের মতোই স্বপ্নপ্রবণ -
তুমি চিৎপাত শুয়েছিলে,
জোছনা চোঁয়ানো ভালোবাসা 
ঝরে সিক্ত ঠোঁটের তিলে।

চন্দ্রালোকে ভাসছে জগৎ
নেই কোত্থাও উঁচু-নিচু,
চাঁদই আমার পরম দোসর,
সদাই চলে আমার পিছু।

মন ভেঙেছে প্রথম সেদিন, 
মোদ্দা কথা জেনেছি যেই -
চাঁদের গায়ে সত্যি কোনও 
চরকা-কাটা বুড়ি নেই।

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আজ থেকে প্রকাশিত হলো..।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ।। চাঁদ —সঞ্জয় রায়।।Ankurisha।।E.Magazine।। Bengali poem in literature।।



   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ।। 




চাঁদ 

সঞ্জয় রায় 

যখন কবিতা লিখি
চাঁদের নরম গায়ে চাঁদ 
লেগে যায়।
দেহ শূন্য হয় সাদা পাতা।
যখন কবিতা লিখি 
মহাজাগতিক এক বোধ
কাজ করে।
হয়তো ফিকির নেই জেনে
ফকির হয় মন।
চাঁদের নরম গায়ে চাঁদ লাগে 
কলম সুজন।