লেবেল

পৌষ এল ঘরে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পৌষ এল ঘরে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ জানুয়ারি, ২০২২

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৪৮।। সৌম্য ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪৮

সৌম্য ঘোষ



১.

পলাশ বন


পলাশ বনে দেখেছি -
টুকটুকে লাল-চেলিতে ঘোমটা মাথায়,
লালমাটি যেন আরো লাল
নাই বা রইল সুবাস
তবু সে আমার আকাশ জুড়ে

কত শীত যায়,
কত বসন্ত
আর তো দেখি না !
-
এখন কি অন্য ঘরে?

সাথে এনেছি কামরাঙা,
সেই বাঁশিটাও
লালমাটি যেন একটু ধূসর
-
শহুরে হাওয়া !

সবুজ তোতারা আসেনি
সকাল থেকে ঠায় সেই গাছটার তলায়,
যেখানে একদিন দেখা দিয়েই কোথায় হারিয়ে গেল
আজ সব ডাল ন্যাড়া,
শুধুই ঝরাপাতা
-
ফুল কি আর ফোটে না!





২.

বাঁচা


যা ছিল বুকে
ঝরে গেছে কোন সকালে
যা ছিল মনে
মুছে গেছে হেমন্তের রাতে

অসাড়, নির্বাক
তবু দাঁড়িয়ে এক নিষ্প্রাণ
-
হাইওয়ের পাশে উঁচু গাছগুলোর মত

কত ঝড় -
ডাল গেছে ভেঙে
পাতাসব ঝরে,
শিকড় শুধু গভীর থেকে গভীরে
মাথা আজও একইরকম আকাশে

পোকায় খেয়েছে পাতা
কখনও বা গোড়ায় ক্ষত
একফালি রোদ আজও জড়িয়ে ধরে
-
শীতের রুক্ষ দিনেও,
পাখি আসে নেমে
লতাপাতার স্পর্শে যেন
আবার বেঁচে ওঠা









বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এলো—৪৭।। মেঘলামন চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এলো—৪৭

মেঘলামন চক্রবর্তী




প্রিয় ইছামতী  


আমি গান গায় পাখির স্বরে

স্বরলিপি শিখিয়েছে প্রিয় ইছামতী

পূবের বিল আমার কবিতার খাতা

অলস দুপুরে তার সাথে করেছি কথকতা

চৈতালি বিকেলে খেলেছি কুমিরডাঙা

শ্রাবণের ধারাজলে নেচেছি ময়ুরী

এখনও কুমারী মন চায় ফিরে তাকেই, বাল্যের সহচরী!


পৌষের রোদেলা সকাল মাঠে মাঠে  ফসলের গান

ধানীরঙা আঁচলে কৃষক বধূর নবান্নের ঘ্রাণ।


ইছামতীর বুকে পলি

পাখিরা ভুলেছে বুলি

কবিতার কঠিন অসুখ

নবান্নের স্বাদ ভুলে খাচ্ছি ফাস্টফুড।









বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৪৬।। রঞ্জন ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪৬

রঞ্জন ভট্টাচার্য



১.

বড় দুষ্টু


পৌষ তুমি বড় দুষ্টু 

কবে আসার কথা ছিল 

এলে ...

হেমন্ত কত কাল থেকে হৈমন্তিকা ছড়িয়ে গেল মনে তুমি এলে... এলে...

এলেনা ঠিক সময়ে 

শীত কাতুরে আমি 

তবুও যে শীতকে জড়িয়ে রাখি উষ্ণ হবো বলে 

তুমি এলে অসময় 

গাছে গাছে ঝরছে রস 

মাঠে মাঠে শস্য 

প্রকৃতির বুকে হাওয়া উত্তরীয় 

শুধুই তোমার স্পর্শ 

তুমি দিলে জড়িয়ে আঁচল ফুলে মাখা 

তুমি দিলে উষ্ণতার আলিঙ্গন 

যে হৃদয় ছিল ফাঁকা 

তুমি এলে 

বড় দেরি করে...




২.

পৌষ এল


পৌষের প্রতিটি অনুভব অবগুন্ঠিত একটি চাঁদ

কখনও বা মেঘে ঢাকা তারা  

কখনো বা রসে ভরা পরিপূর্ণ  একটি গাছ

কখনো শিউলি ঝরা উঠান 

আবার মাঠে মাঠে রকমারি ফুলের মেল বাহার 

খুনসুটি করে বেড়ায়  ...

গোধূলি বেলায় দৃষ্টি নন্দন খেলা

চলে উষ্ণতার আলিঙ্গন

কে যেন হরণ করেছে মন 

কোনো সে আপনজন ।

দিকচক্রবালের যখন সূর্য আপন-মনে ঢলে পড়ে 

ঠিক কে যেন ডাকে 

উত্তরে হাওয়া নিয়ে শির শির শব্দ করে 

চাদরে মুড়ি তাকে আমার-ই হৃদয় কোণে।










মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৪৪।। অনিন্দিতা শাসমল।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




পৌষ এল ঘরে -৪৪

অনিন্দিতা শাসমল 



আজও পিঠেপুলি বানাই


মাঠের পর মাঠ রিক্ত-শূন‍্য , 

আর গৃহস্থের গোলা ফসলে পূর্ণ করে , সোনালি অগ্রহায়ণ শেষে সবার উঠোনে তোমার আঁচল পাতা।

ধানের মরাই থেকে নিকোনো খামারে , চালের গুঁড়ো দিয়ে আঁকা, গোল দাগের মধ‍্যে রাখা লাঙল, কাস্তে , নিড়ানি... ধানের ছড়া পর্যন্ত মা লক্ষ্মীর পায়ের ছাপ ।

বাবার হাতের কাঁসার ঘটিতে পুকুরের জল , দূরে কোথাও.. শেয়ালের ডাক শোনার অধীর অপেক্ষা...

পাশাপাশি দুটো গাদার মাঝে, খড়ের ছাউনি আর চটের থলে পাতা নরম , উষ্ণ কুঁড়েঘর ; ঠাকুমার হাতের আদর মাখা পুরপিঠে,সরুচাকলি,পাটিসাপটা,দুধপুলি...


পৌষ এলেই হৃদয়ে কত ছবি আঁকা হয় ; মনের মধ‍্যে ভিড় করে কত ভুলতে না পারা  মুখ...

কেন যে দুচোখ ঝাপসা হয়ে আসে !

আমি আজও পিঠেপুলি বানাই...

তবে...








সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৪৩।। রমলা মুখার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪৩

রমলা মুখার্জী


১.

আইলো পৌষ 

   

আইলো পৌষ পাইতলাম টুসু
এই মাসটোতেই আইলো যীশু।

আইলো পরব, পৌষ-মেলা-
চাকলি-পিঠার আইলো বেলা।

খেইজুর-রস, খেইজুর গুড়-
গইন্ধে বাইতাস ভুর ভুর ভুর।

পুইজবো টুসু, গাইবো গান
খেত-খামারে তুইলবো ধান।

পৌষ তু, চাষীর আইসান-
সংক্রান্তিতে টুসু ভাইসান।

লাচবো টুসুর ভাসান রাইতে-
কুমারী মেইয়েরা একসাইথে।

চিরকুমারী মুর টুসুমাইতা-
অক্ষয় হোউক টুসুর গাইথা।






২.
 পৌষ মানেই পার্বন


পৌষে বাজে প্রেমের নূপুর 
রোদ পোহানো আলসে দুপুর।

শরীর জুড়ে হিমেল পরশ-
জাগছে দেহে পুলক হরষ।

এসেছে ঘরে আমার সুজন
পৌষ-মেলাতে মাতবো দুজন।

নানান পরব পৌষ জুড়ে
মনটা দোলে টুসুর সুরে।

নলেন গুড়ের পিঠে পায়েস-
পৌষে খেতাম করে আয়েস।

এখন পিঠে বাড়িতে নাই
মেলার মাঠেই কিনে খাই।













রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৪২।। প্রদীপ কুমার দে।।Ankurisha। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪২

প্রদীপ কুমার দে


পৌষমাস


১.
এই পৌষ মাসে মেলা বসে
আমার জন্ম গাঁয়ের নদীর পাশে
কতকিছুই কেনা বেচা হয়গো সেথা
কতরোকম পুতুল আর খেলনা বাটি
পিঠে পুলির সাথে নাগরদোলায় নামাওঠা!





২.
শীতের দিনে এই পৌষ মাসে
পিঠে পায়েস আর পুলির দিনে
মন যে ভাই খেতে ভালোবাসে
গরম পায়েস বেশ কয়েক হাতা 
চাই অনেক পিঠে পুলি গুনেগুনে!












শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৪১।। দেবাশীষ মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।।Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪১

দেবাশীষ মুখোপাধ্যায়




১.

পৌষ বন্দিশ 


তুমি এলেই কুয়াশার সাথে আমার ভেজা যাপন
তুমি এলেই সকালের রোদে শরীরের সখ্যতা উষ্ণ
তুমি এলেই ছাদের লাল নীল হলুদ ফুলে কিলকিঞ্চিত
তুমি এলেই রসনা সবুজ খোঁজে তোমার বুকে
তুমি এলেই খেজুর রসে সকালের আলাপন
তুমি এলেই লেপের মহাকাব্যে আলুথালু মনন
তুমি এলেই প্রিয়তমার হাতে ধরা আমার উষ্ণ শীলন।



 
২.
পৌষের শিরদাঁড়ায় ঠান্ডা নামে


হাতটা শক্ত করে ধরলেই ভালোবাসা উষ্ণ হয়ে ওঠে
তিরতির কাঁপন তার সারা শরীর জুড়ে
এক অজানা বিলাওলে ভীমসেন বাজেন ভেতরে ঘরে
নদীর জলে আকাশ ভেসে যায়
ছেঁড়া ছেঁড়া মেঘ ঢুকে পড়ে আমারই বুকে
ভেজা ভেজা শরীরে রোদের মুরজ তখন
বাউরা মন লাল মাটির দেশে একতারা হাতে
পিঠে পুলির শোহরত তোমার কপালের লাল টিপে
হাতটা শক্ত করে ধরলেই প্রেমের ভবনশিখী পেখম মেলে শীতের ঋত্বিকে...










বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৩৯।। অশোককুমার লাটুয়া।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





পৌষ এল ঘরে -৩৯

অশোককুমার লাটুয়া 



ক্যানভাসে দৃশ্যভূমি

          

পৌষ মানেই পাকা ফসলের পাকাকথা। পৌষ মানেই চাদর সোয়েটার মাফলার টুপি 

উষ্ণতা খোঁজা নকশিকাঁথা।

পৌষ মানেই পিকনিক

পৌষ মানেই বেরিয়ে পড়া উটি কিংবা শিলংয়ে।

পৌষ মানেই পুষ্প প্রদর্শনী সার্কাসের তাঁবু সারিসারি।

পৌষ মানেই কাঠবেড়ালির রোদ পোহানো খেলা। পৌষ মানেই গল্প শেষ হতে না হতে

পার্কে প্রেমিকার হাতের গন্ধের স্বাদ মাখতে মাখতে না মাখতে  

পড়ে আসে বেলা।

পৌষ মানেই শীত শিশির ভেজা ঘাস

লজ্জা লজ্জা রং ভোরের গালে।

শীত মানেই চলকে পড়া খেজুররস

ঝাঁকেঝাঁকে যায়াবর পাখি

পিঠেপুলি পায়েসের পরব নতুন চালে।

পৌষ মানে পোষমানা পাড়ার মেয়েটি যেন ফিরে এসেছে আদুরে ঘরে।

পৌষ মানে আপশোষ

বিরহী যুবক প্রেমের যাত্রাপালা দেখে

ঝরাপাতার মতো নিজের দীর্ঘশ্বাস মাড়িয়ে মাড়িয়ে

ফিরতে না চাওয়া ইচ্ছায় ফিরে আসে ঘরে।







শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৪০। জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




পৌষ এল ঘরে -৪০

জয়শ্রী সরকার




১.

পৌষের দুঃখ-সুখ

          
পৌষ মানেই উত্তরে হাওয়া শীতলতার বশ
পৌষ মানেই তাপটুকু পাওয়া আর খেজুরের রস।
পৌষ মানে তো কনকনে শীত, সত্যি তো নেই ছল
পৌষ মানেই কাঁপন লাগা ঠিক বরফেরই জল !

পৌষের বেলা নয় হেলা ফেলা যতদূর চোখ যায়
যেদিকে তাকাই সব ভুলে যাই প্রাণ-মন সব জুড়ায়।
সারা মাঠ জুড়ে পৌষের গান সোনালী ধানের শিস
মন বলে যেন থাক না এ মাস সুখেই অহর্নিশ !

পায়রার দল উঠোনেই ওই সোনা ধান খেতে আসে
পাতিহাঁঁস সব বিলের জলেই আহ্লাদেতে ভাসে !
কৃষকের ধান মাঠেতেই ম্লান উঠলো না ধান ঘরে
মাথাতেই হাত কৃষকই কাত অকাল বৃষ্টি ঝরে !

কৃষক বন্ধু আজ সুখে নেই, বিষণ্ণ তার মুখ
গোলায় ভরা ধানগুলো নেই, নেই নবান্ন-সুখ।
তাই মন আজ মনমরা খুব কৃষকের কথা ভাবে
মাঠেই ওরা স্বপ্ন বোনে, সত্যিই ভেঙ্গে যাবে ?

হাত জোড় করে বলছি মাগো, ওদের খেয়াল রেখো
নবান্নসুখ একটু দিয়ে ওদের পাশে থেকো !




                         
২.
 পৌষের পরশ
           
                 
পৌষ মানে তো আনন্দগান শুধুই খুশির মেলা
হিমেল হাওয়ায় গাছে গাছে পাখ-পাখালির খেলা!

পাতায় পাতায় কাঁপন লাগে শীত বুঝি ওই আসে
গালচে পাতা সবুজ ঘাসে হিমের কুচি হাসে!

সকালবেলা ভেজাই গলা মিষ্টি খেজুর রসে
দিনের শেষে রাত্রি এসে সবাই লেপের বশে!

অজয়-তীরে পৌষের মেলা , বাউলেরা গান গায়,
গভীর সুরে সুদূরের ডাক ভক্তমনকে ভুলায়!

শীতের পরশ জাগায় হরষ আনন্দে মন ভাসে ,
নরম রোদের মিষ্টি ছোঁয়া কেই না ভালোবাসে!










বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৩৮।। সঞ্জীব দে।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


পৌষ এল ঘরে -৩৮

সঞ্জীব দে 



১.

অনিশ্চয়তা


ফোটা ফোটা হয়ে ঝালকাঠি র    
                    মাথায় ঝুলতে থাকা
অস্বাভাবিক ভাবে,

মাটির দাওয়ায় বাঁশের খুঁটি র মাথায়
         ঝুলন্ত হ্যারিকেনের আলোর মতোন চাঁদ
এক পটভূমিকা রচনা করে।

গভীর অরণ্যে জমাট বাধা পাতার
আলসেমিতে
     চোরাগোপ্তা ভাবে এক মাদকতার আবেশ

তুমি শেলি'র কবিতা হয়ে
      শরীরের গোপনতায়
           আমার ভালোবাসা ঝুলিয়ে রাখো,
বাস্তবতা যেভাবে পৌষে ঝুলে থাকে
                           অনিশ্চয়তায়।

                     -
                    
পাথরের প্রতি গোলাপ বর্ষণ

এক আকাশ আলো,
         ক্রশ আর একটা মানুষ
              রচনা করে ফেলে ইতিহাস।

বড় বড় পাথর ছড়ানো পাহাড়ি পথ,
                  চড়াই উতরাই পেরিয়ে
ক্রশ টেনে আনে কাতর এক মনিষ্যি;

সে ঈশ্বর হয়ে যায় দেবতার সন্তান!

মানুষের অত্যাচারে ক্রশ বিদ্ধ পেরেকে রক্তাক্ত হয়ে,
ক্ষুধায় নিরান্ন সে বলে ওঠে -
    "হে প্রভু ক্ষমা করে দাও এদের,
           জানে না কি অন্যায় কাজ করছে এরা! "

পাথরের প্রতি যেন গোলাপ বর্ষণ।