লেবেল

আজকের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আজকের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আজকের কবিতা —৪।।লাভ কি তোমার — প্রদীপ্ত সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আজকের  কবিতা —৪



লাভ কি তোমার

প্রদীপ্ত সামন্ত


পাহাড় চূড়ায় ওই যে দূরে
উড়ছে যেথায় গেরুয়া নিশান ,
শঙ্খনিনাদ ঘন্টা কাসর
মুহুর্মুহু বাজছে বিষাণ।

প্রদীপ শিখায় জ্বলছে ওথায়
জ্যোতির্ময়ের ধ্যান-আরতি,
গন্ধ বিলোয় ধূপ অকাতর
শুদ্ধমনা বাক্ ভারতী ।

হতেই পারে মনে তোমার
এসব করে লাভ কি বলো?
তাকিয়ে দেখো সন্ধ্যা ঊষায়
দেদীপ্যমান হৃদয় খোলো।

বহুর মধ্যে এক যে তিনি
নিত্য যাহার উপস্থিতি
তাহার আশিস মাথায় নিয়ে
যুদ্ধজয়ে কাটবে ভীতি।

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

আজকের কবিতা —৩ ।। 'কোন প্রশ্ন নয় - সুব্রত ভৌমিক।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





আজকের কবিতা —৩


'কোন প্রশ্ন নয়

  সুব্রত ভৌমিক 


এখন পৃথিবী কি আরো সমৃদ্ধির পথে ?
নাকি স্তব্ধ সব  অগ্ৰগতির পথচলা ?
এ প্রশ্ন যদি কেউ করে, তাকে কিছু
আত্মকেন্দ্রিক সুখী মানুষ ধমকে বলবে       
মন্দগ্রাহী !! হামবড়া-বেসুরো-পাগলা !!

মানুষ এখন নানান কারনে দুঃখী...
ধর্মের নামে দুনিয়া জুড়ে লোকজন -
ভিটেমাটি ছাড়া হচ্ছে কাতারে কাতারে,
মরছে  সতত লাখে লাখে অতিমারিতে,
গৃহহীন বহুজন !! ঝড়-ঝঞ্ঝা-বন্যাতে,
কেন মানুষের এত কষ্ট, দুুঃখ-বেদনা ?
যদি উন্নয়নে উন্নততর হচ্ছে চেতনা ?

কিছু মানুষ, পৃথিবীতে খুব খুব সুখী,
চোখে পড়েনা তাদের পৃথিবী জুড়ে
সমস্যায় জর্জরিত মানুষের দুর্গতি।
সামরিক শক্তি, মহাকাশ যান ইত্যাদি
উন্নততর হচ্ছে মানতেই হবে...
এ সবে, গরীবের কি সব দুঃখ ঘুচবে ?

মরুঝড়ে নিজেকে বাঁচাতে...
উট দেখে না ভয়ংকর ঝড়ের তান্ডব,
বসে, মাথা গুঁজে থাকে বালিয়াড়িতে...
সেই রকম, পথিবী জুড়ে অশান্তিতে
উদাসীন লোকেরা থাকে চোখ বন্ধ করে
নিজেদের নিয়েই থাকে পরম সুখেতে।

বিষপানে বাধ্য হয়েছিলেন সক্রেটিস--
প্রাচীন কালে, শুধু প্রশ্ন করার অপরাধে !!
"সেই ট্রাড়িশন সমানে চলেছে"...
এখোনো ! সমালোচকের স্থান হয় গরাদে।

যতই আমরা নিজেদের উন্নত ভাবি
যতই আত্মসুখে তৃপ্ত থাকি না কেন
আসলে, আমরা নিজেরাই অপরাধী।

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

আজকের কবিতা -২।। মুক্তির খোঁজে — রঞ্জন ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



আজকের কবিতা -২


মুক্তির খোঁজে 

রঞ্জন ভট্টাচার্য



মুক্তির পথ খুঁজি

মুক্ত নয়নে...

মন্দিরগুলো আছে দেবতা দর্শনে । 

মুক্তমনা মানুষ মুক্তির খোঁজে আসেনা কখন ।

যে শিশুর ভাত জোটে না দু'বেলা 

জোটে না জামা প্যান্ট 

এটা নাকি "কপালের লিখন" ! 

সুস্থ সমাজ সামাজিক দায়  মুছে 

ছোটে দ্বারে দ্বারে মুক্তির খোঁজে ।


আমিও তাদেরই একজন 

বদ্ধ ঘরে মন ...

কী করে বোঝাই বেরোতে চাই 

অন্ধকারে জগৎ ছেড়ে 

আলোর পথ প'রে ।






🙏লেখা আহ্বান 🙏


এই বিভাগ আপনার মৌলিক ও অপ্রকাশিত  কবিতাটি পাঠিয়ে দিন মেল বডিতে টাইপ করে। 

ankurishapatrika@gmail 




রবিবার, ৯ অক্টোবর, ২০২২

আজকের কবিতা -১। প্রতিগল্প —রেজাউদ্দিন স্টালিন।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



আজকের কবিতা -১



প্রতিগল্প

রেজাউদ্দিন স্টালিন 

ঘরের আছে একটা দেয়াল থাক সে,
জন্ম আমার বিশ শতকের বাক্সে।

আর কিছু নয় অন্ধ ছাদের বক্ষে,
বন্দী ছিলাম শূন্য ধুসর কক্ষে।

পা বাড়ালাম বাইরে যাওয়ার জন্য,
একুশ শতক বললো জীবন ধন্য।

চোখ ধাঁধানো অজস্র সব যন্ত্র, 
ড্রোন মুঠোফোন নেটের নানা মন্ত্র। 

কিন্তু আমি পিছলে পড়া বিশ্ব,
উপনিবেশ- ফন্দিতে সব নিঃস্ব।

 ঋণের স্রোতে ভাসছে গাধার ফূর্তি
দাতাগণতো যিশুর প্রতিমূর্তি। 

দিচ্ছে সবই খাদ্য এবং বস্ত্র,
 শর্ত কেবল কিনতে হবে অস্ত্র। 

যাক ভেসে সব দুর্যোধনের চুক্তি
কি প্রয়োজন হত্যার এ প্রযুক্তি।

আমরা তো চাই শুনতে বাঁচার গল্প,
চোখ ধাঁধানো লোভের যা বিকল্প।





---------------------------------------------------------------- 



এই বিভাগে  অপ্রকাশিত ও মৌলিক লেখা পাঠান মেল বডিতে টাইপ করে। 
ankurishapatrika@gmail. com







মঙ্গলবার, ৩১ মে, ২০২২

শুধু কবিতায়... আজকের কবিতা — আমি পারি না লিখতে।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


আজকের  কবিতা 

আমি পারি না লিখতে



শ্রীমন্ত দাস


আমি পারি না লিখতে সে কবিতা

যা দুর্বোধ্য, শুধু বোঝেন বিজ্ঞজন,

সাধারণের জন্য লিখে যাই তাই

আমি তোমাদেরই একজন।


আমি লিখে যাই সোঁদালী গন্ধে

চাষাভুষাদের গান,

লিখে যাই আমি ভাটিয়ালি সুরে

মাঝির দাঁড়ের টান।


আমি লিখি না ইমারতে থাকা

মালিকের প্রতারণা,

আমি লিখি শুধু কলে মজুরের

জীবনের যন্ত্রনা।


আমি লিখি না খাওয়ার টেবিলের

মাটন বিরিয়ানি,

লিখে চলি আমি পথশিশুদের

ক্ষুধাতুর মুখখানি।


আমি লিখে যাই অপুষ্টি মা'র

কোলের শিশুর ব্যথা,

যখন মায়ের শুকনো বুক, ঝরে নি দুধ!

শিশুর আকুলতা।


প্রতিবাদী আমি লেখনীতে হই

যখন ধর্মের হানাহানি,

মুমুর্ষ রোগীকে রক্তে বাঁচাতে

বিধর্মী রক্ত আনি।


আমি লিখে যাবো দ্বিধাহীন ভাবে

সমাজের সত্যতা,

লিখে যাবো আমি সাম্য, মৈত্রী,

প্রগতি ,ঐক্যতা।

সোমবার, ১৬ মে, ২০২২

আজকের কবিতা।। শ্রীমন্ত দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আজকের কবিতা 

শ্রীমন্ত দাস




সুপ্রভাত


পাহাড়ের ঢালে 

রবি খেলে একি,

পাখির ডাকে হঠাৎ জাগে

একটি ছোট্ট খুকি।


ঘাসের ছোট্ট একটি ফুল

আলিঙ্গনে নামতে বলে,

ঝোঁপ থেকে মারছে উঁকি

আমায় একটু দাও না ঠেলে।


ব্যস্ত কাজে সবাই আছে

মাঠে কাটে ফসল চাষা,

নৌকা বাইছে মাল্লা মাঝি

যত্নে বুনছে বাবুই বাসা।


ভোরের স্নিগ্ধ মলয় বায়ে

প্রত্যহ কসরত করো,

মনের জানালা খুলে দিয়ে

স্বাস্থ্য গড়তে ডন মারো।


কেমন আছো জানতে চাইছি

অপরূপ দৃশ্যে আমরা মেতে,

প্রকৃতি বলছে মুগ্ধ হয়ে,

"শুভ কামনা সুপ্রভাতে"।






 Poem-Good morning

Written by Srimanta Das



On the slope of the hill

the Sun is shinning,

a little girl wakes up suddenly

by the birds twittering.


A little flower of grass

Peeks from the bush

and says to come down 

to embrace and push.


Busy all are doing continue

Farmers are cropping in the field,

Boatmen are boating thier boats

Weaver birds carely nest build.


Open the windows of your mind

in the fresh air of morn,

We all should practice everyday

to make good health do dawn.


Want to know how are you?

Enjoy we scenes of charming,

Nature is replying with joy,

"wishing you very good morning".






রবিবার, ২৭ জুন, ২০২১

আজকের কবিতা ।।ধৈর্য ধরে অপেক্ষা করুন ,প্লিজ।। আরণ‍্যক বসু

 





ধৈর্য ধরে অপেক্ষা করুন ,প্লিজ

আরণ‍্যক বসু


( ও আলোর পথ যাত্রী , এ যে রাত্রি , এখানে থেমো না .../সলিল চৌধুরী )


কয়েকটা বছর তো , দেখতে দেখতে পার হয়ে যাবো।


 আঁচড়াআঁচড়ি ,কামড়াকামড়ির মোচ্ছব, কোভিডের টীকা নিয়েও ভয়ংকর প্রতারণা , 

বিশ্বকবির মূর্তির নীচে জ্বলজ্বল করছে, জালিয়াত প্রতারকের নাম! 


সহ‍্য করুন, সময় এলে রাস্তায় প্রতিবাদী মিছিলে নামুন, ভাতঘুম ছেড়ে ।

কটা বছর তো ! দেখতে দেখতে কেটে যাবে।


তবে, সাবধান কমরেড ,

সহ‍্য করতে করতে, ক্রমশ, গায়ের চামড়া যেন মোটা হয়ে না যায় ,

ওটা গন্ডারকেই মানায়।


যা আমাদের মানায়..

আমরা সেটাই করবো।

 ইয়েস , করবো।

রেড ভলান্টিয়ার্সদের বীমা সুরক্ষায়  আনবো, লক্ষ টাকায়।

কোভিড যুদ্ধে মৃত, শহিদ লাল সৈনিকদের পরিবারের কাছে , সেই ভালোবাসা পৌঁছে দেবো--

যাকে, অর্থসাহায্য বলে।

তারপর, আবার ঝাঁপিয়ে পড়বো অন্তহীন কর্মের উৎসবে...

 আবার যাবো অসহায় মানুষের হৃদয়ের কাছে ।

আবার, আবার যাবো ।


আচ্ছা কমরেড , একটা পুরোনো বাংলা গানের কথা মনে পড়ে ?

অমলিন। আজও কী আশ্চর্য অমলিন...

একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে...

খুশির বন‍্যা এসে ভাসাবে আমায়...

আলোর জোনাকি জ্বেলে জ্বেলে ...

স্বর্গ আমার সাজাতে সাজাতে...

রাত পার হয়ে যাবো...


মাত্র তো কয়েকটা বছরের অপেক্ষা ; বর্ষা-শরৎ-শীত-বসন্ত-গ্রীষ্মের ইতিবৃত্ত ...

ওসব দেখতে দেখতে কেটে যাবে--

কাজ, কাজ শুধু কাজের মধ‍্য দিয়ে।


লাল পতাকার ঢেউ...

 ঢেউয়ের পরে ঢেউ...

লাল টুকটুকে হার না মানা আগামীর স্বপ্ন ...

কার ক্ষমতা আছে?

আটকে দিক তো!


আটটা ন'টার দামাল সূর্যের আলোই যখন পাথেয়,

তখন, কার সাধ‍্য আমাদের চলার গতি রুদ্ধ করবে ?


কে বললো ,আমরা হেরে গেছি? 

আমরা শূন্য? 








 Scottish Church College SFI Alumni' র প্রিয় ও দামাল বন্ধুদের জানাই লাল লাল লাল সেলাম। 

কমরেড...






শনিবার, ২৯ মে, ২০২১

আজকের কবিতা।। অজিত বাইরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





আজকের  কবিতা 

ঝড়ের পাখি গায় না গান  

অজিত বাইরী 



ঝড়ের পাখি গায় না গান; আতঙ্কে চিৎকার করে।

ভাবে, কখন শান্ত হবে ঝঞ্ঝাক্ষুব্ধ ডাল,আলোর দিশা দেখা দেবে দিগন্তের পারে! মৃত্যুর ঘোর অমানিশায় মধ্যে আমরাও ঝড়াহত নিশুত রাতের পাখি।

ভুলেছি গান, আর্তনাদই এখন অভিব্যক্তির ভাষা;

বহন করে নিয়ে  চলেছি অন্যের শব;

কিংবা নিজেরই শব আগলে বসে আছি 

সৎকারের অপেক্ষায় ।

কে জানে, অবসান হবে কি না কালরাত্রির?

তবু বাঁচার ইচ্ছেটুকু এখনো বাঁচিয়ে রেখেছি,

মহাপ্রলয়ের পর ভেসে আসবে নূহের নৌকা।







এই বিভাগে তিনটি করে সাম্প্রতিক সময়কে নিয়ে আজই আপনার  মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। 🙏🙏👇👇👇


ankurishapatrika@gmail.com




------------------------------------------------- 



আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_28.html






সোমবার, ২৪ মে, ২০২১

আজকের কবিতা ।। সেন্টু রঞ্জন চক্রবর্তী।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 





আজকের কবিতা 


সেন্টু রঞ্জন চক্রবর্তী



১.

শান্তির ললিতবানী



শান্তির ললিতবানী

আজ আমাদের শোনাবার নাই কেউ,

অক্ষমতা বেড়েছে সবার

তারি স্পষ্ট আভাস পাই বারবার

পৃথিবীতে ডেকেছে জোয়ার প্রলয়ঙ্করী ঢেউ।


মৃত্যুর ছাড়পত্র হাতে

মারণব্যাধি দাঁড়িয়ে আছে আঙিনায়,

শেষ যাত্রার রথ

চোখের পলকে

হুইসেল দিয়ে কারে যেন

দ্রুত নিয়ে যায়। 


বেলা শেষ হবার আগে

পশ্চিমে দেখা যায় অস্তরাগ,

ঘরে ও বাইরে সর্বত্র

শোকের স্তোক  শুধু শুনি

নির্মম  আতঙ্কে সবাই ঘুমহীন সজাগ। 


এখন কঠিন সময়

পৃথিবীতে এসেছে নেমে,

কান্ডারী বলে কিছু নাই

যারে তুমি বানিয়েছো দেবতা

সেও অক্ষম সবটাই 

সর্বত্র প্রাণের উচ্ছাস গেছে থেমে। 


সকল মেরুতে আজ শুধু

হাহাকার ক্রন্দন আহা! জারি,

সব কিছুই এতক্ষন ছিলো যার

সেও এখন সব হারার দলে

সকল রেখা গেছে বিন্দুতে মিশে

চোখের নিমিশে দেখি অবক্ষয় তাহারই।


তোমাদের ভগবান আজ কই

যারে পেতে ভেঙ্গেছ সবকিছু ?

লাশের পাহাড় ডিঙ্গিয়ে লাগিয়েছিলে

স্বর্গের মই,

মূর্খের মতো 

পুতুল ও পাথরে মাথা করেছিলে নিচু।


কি পেলে ?

সব কি গেছে জলে?

মানুষেরে পিছু ফেলে শূন্য  হয় ফল,

অতৃপ্ত বাসনা যত

চোখে মনে অবিরত

কারে যেন খুঁজে ফিরে ক্লান্ত বিহব্বল। 






২.

মানুষের বিরুদ্ধে মানুষ



মানুষের বিরুদ্ধে মানুষের

এমন নির্মমতা ভাবতেও অবাক লাগে,

মাঝে মাঝে মনে হয়

কালের স্রোতে আমরা হয়তো

হিংস্র প্রাণীতে রূপান্তরিত হয়ে গেছি।


নিরপরাধ শিশুরা যখন

মাতাপিতার লাশের পাশে বসে কাঁদে,

তখনও কি

আমাদের বিবেক তাড়িত হয় না ?

অসহায় এ অবুঝদের কি দিয়ে সান্ত্বনা  দেবে?

কারো কাছে কি আছে কোনো ভাষা?

ক্ষুধার্ত এ শিশুর মুখে

এক টুকরো রুটি

কে দেবে বলো ?

কে নেবে তাদের আগামীর দায়ভার ?


এ মাটির বুকে

আর কত মাটি চাপা দেবে লাশ ?

মাটির পরতে পরতে শোকের কাঁদন

একবার কান পেতে শুনে নাও

স্বজন হারানোর এই কষ্ট

কি করে মাটি ধারণ করে চলেছে।


এতো মৃত্যু!

এতো ক্ষয়!

এতো বিপর্যয়!

ঘড়ির কাটার মতো ঘুরে

তোমার দিকেও তাকাবে সহসাই,

তোমার পালা যখন আসবে

সেক্ষণে আমাদের খুশি হবার কিছু নেই,

কিন্তু

এ অপমৃত্যু দিয়ে তোমাদের কাজ কি?


তোমরা যারা যুদ্ধবাজ

তোমাদের এমন নিষ্ঠুরতাকে আমি

অন্তর থেকে ঘৃণা করি,

অপেক্ষায় দিন গুনি

তোমাদেরও অভিশপ্ত দিন আসন্ন

এবং

তোমাদের পতন ও দরজায় কড়া নাড়ছে।











রবিবার, ১৬ মে, ২০২১

আজকের কবিতা।। মোঃ ইজাজ আহামেদ।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আজকের কবিতা 

মোঃ ইজাজ আহামেদ



১.

 অচেনা



একদিন বের হলাম ভ্ৰমনে অপরাহ্নে,

সাইকেলে করে চলে গেলাম সেই পথগুলিতে 

যেই পথগুলিতে স্কুল জীবন কেটেছে;

আম বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠো পথ;

সবুজ মাঠের মধ্যে চলে যাওয়া লাল মাটির পথ;

ক্ষেতে চাষে ব্যস্ত থাকতো চাষী;

চারিদিকে শুধু সবুজের সমারোহ;

আকাশটা সবুজের সীমানায় 

মিশে যেত দিগন্তরেখায়;

কিন্তু আজ সেই বাগান নাই,

নাই আঁকা বাঁকা সাদা ও লাল পথ;

দিগন্তরেখা  দেখা যায় না;

কংক্রিটের পথ,

উঁচু উঁচু বাড়ি,সব  অচেনা;

বৃষ্টি ভেজা মাটির গন্ধ এখনো আমার নাকে লেগে আছে

কিন্তু সেই গন্ধ নেই, আজ আর পাইনে।

অনেক পরিবর্তন হয়েছে।

সময় পরিবর্তন করে দিয়েছে।



২.

মুক্তি দাও



হে পরম দয়াময়, মুক্তি দাও মোদের

এই বিশ্ব ত্রাস ভাইরাস থেকে;

নৈরাশ্য দিন, নিঝুম রাত্রি, আকাশে কালো মেঘ

অসুস্থ পৃথিবীবাসী,

হে প্রভু,বর্ষণ করো তোমার দয়ার বৃষ্টি;

পৃথিবীর আকাশে করোনার কালো

 মেঘ সরিয়ে উদিত করো আরোগ্য-মুক্তির আলো;

দূর করো মানুষের অন্তরের গগনে পরিপূর্ণ থাকা শয়তানির কালো ধোঁয়া;

 হে পরম দয়াময়, মোদের জমা পাপের পাহাড় ক্ষমা করো;

উদারতার, সম্প্রীতির,মানবিকতার সূর্য,চন্দ্র 

 মানুষের হৃদয়ের অম্বরে উদিত করো;

বিশ্ববাসী করোনার জেলে বন্দি হয়েছে,

আটকে পড়েছে মৃত্যুর জালে;

হে রক্ষাকর্তা, এই মহাবিপর্যয় থেকে মোদের  মুক্তি  করো।




বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আজকের কবিতা।। নদী তুমি জানো ? — আরণ‍্যক বসু।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 







আজকের কবিতা 


নদী তুমি জানো ?

  আরণ‍্যক বসু




( জমিন তলা আসমান উপর , 

নাকি আসমান জমিন সব বরাবর ?

জলের উপর পানি না পানির উপর জল ? 

বল খোদা বল খোদা বল—

             লালনগীতি )


জল আর পানি, পানি আর জল,

স্রোতস্বিনীর ঢেউ ছলছল।


আমাদের পানি, আমাদের জল...

লালনের গানে রবি চঞ্চল।


এই হাতে জল,ওই হাতে পানি,

মেঘ বৃষ্টিতে কত জানাজানি!


এপারে ওপারে গানে, প্রাণে, টানে,

জল আর পানি সব কিছু জানে।

সবটুকু জানে, নিশ্চিত জানে--

সম্প্রীতি হল জীবনের মানে।


জলের বাড়িতে এসেছিলো পানি,

পানির কুটির বসেছিলো জল ;

একতারা, দোতারার কানে কানে--

সদালাপী ঢেউ , ঢেউ-উচ্ছল ...


গন্ধরাজের সুবাসে আকাশ

সূর্য দেখার আবেগে অতল,

হাতের সঙ্গে হাতের সেতু যে--

অত সহজে কি হয় দুর্বল ?


জলেতে পানিতে কলকল ভোরে,

আঁধারের বেলা যাবেই তো সরে।


মুছে যাক ভয়,মরণের খেলা,

পানি আর জলে বয়ে যায় বেলা...


নদী তুমি জানো ,পানি আর জলে-

রবি-নজরুল, সব লোকে বলে।

সব লোকে জানে,সব লোকে বলে-

সেই ছায়াতেই এসো দলে দলে...


নদী তুমি জানো?

নদী,তুমি জানো!







🙏সবাইকে জানাই শুভ অক্ষয়তৃতীয়া ও ঈদের শুভেচ্ছা। 

সপরিবারে সবাই খুব ভালো থাকুন প্রিয় বন্ধুরা- সারাদিন...সারা বছর... সারা জীবন।




আজকের কবিতা ।। একসাথে দোয়া মাগ - মনোজ ভৌমিক।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in Literature ।।

 






আজকের কবিতা 

একসাথে দোয়া মাগ

 মনোজ ভৌমিক 



মসনদ ছুঁয়ে চলে যায় ঈদ 

রমজান আছে জেগে, 

মক্কা মদিনা নীরব দর্শক 

ধর্মের ধ্বজা আগে! 


খুশির অঙ্গনে মৃত পরিজন

এ কেমন ঈদ বলো! 

ধর্ম আজকে মানুষ খুঁজছে

কবরে খুঁজছে আলো!! 


গৃধিনীরা উড়ছে আকাশে 

ধোঁয়া মাখা চারিধার!

ধরণীর বুকে মৃত্যু সরব

ঘন কঠিন আঁধার!! 


দশমী হোলি ঈদ মহরম 

ঈস্টার গুডফ্রাইডে, 

সময়ের সাথে মন্ত্র জপছে 

দূরত্ব আর গাইডে! 


এখন শুধু একটা আওয়াজ

জাগরে মানুষ জাগ, 

সকল বিভেদ দূরে ফেলে দিয়ে 

একসাথে দোয়া মাগ।







আরও  পড়ুন 👇👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_46.html