।। আগষ্ট সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — স্বাধীনতা-১৯।।
দাও অধিকার
কার্ত্তিক মণ্ডল
দাও অধিকার সবার সমান ক'রে
হাসি ফুটুক সবার ঘরে ঘরে ।
উঁচু নিচু ভেদ ভুলে যেন থাকি মিশে
মরে না কেউ কলুর বলদের মত পিষে।
উদার পৃথিবী দিয়েছে দু'হাত মেলে
তবু কেন মরি জাতপাতে তিলে তিলে।
বিভেদের ভেদে শুনি তবু কত কথা
তুচ্ছ করেছ আজ স্বদেশের স্বাধীনতা।
ভেদ ভুলে সব এক করে নিলে পরে
জন্মাবে বীর অলিগলি প্রতি ঘরে।
সাজাবে পৃথিবী জুঁই মালতীর খোঁপা
আতরের বাস ছড়াবে বিবাগি চাঁপা।
সূর্যের আগে কোকনদ উঠবে ফুটি
বায়ু ভেদ করে সম্মুখে যাবে ছুটি ।
মরুভূমিকেও সাজাতেই পারি বেশ
পৃথিবীর সেরা হবে জানি এই দেশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন