লেবেল

'বসন্ত এসে গেছে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
'বসন্ত এসে গেছে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়.... বসন্ত এসে গেছে -৬০।। সন্দীপ সাহু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বসন্ত এসে গেছে -৬০

সন্দীপ সাহু



ভালোবাসি তোমায়



প্রেম ধ্যান হয়ে,

বসে ঠিক হৃদ-ঝরনার নীচে!

ঝরনা ধ্যান ধুয়ে মধ্যগতি

নিম্নগতিতে বয়ে চলে 

রয়ে রয়ে মোহনার দিকে।


মোহনায় তুমি নেই! রেখে গেছো

স্মৃতির চাপে ফসিল হওয়া 

বিবর্ণ গোলাপের পাপড়িগুলি!

ধ্যান-জলে আবার লাল হয়ে যায়!

পাপড়িগুলি আবার জোড়ো লাগে!


হৃদে লালন করি ওমে!

নিভৃতে প্রতিদিন তুমি এসে 

লাল গোলাপে চুম্বন রেখে যাও!










সোমবার, ২১ মার্চ, ২০২২

শুধু কবিতায়.... বসন্ত এসে গেছে -৪৩।। কেতকীপ্রসাদ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৪৩

কেতকীপ্রসাদ রায় 



অন্ত:যোগ 


অতঃপর নির্বাণ হাতের স্পর্শে মেঘ ভেঙে নেমে আসে রৌদ্রছটা, 

ঠিক তখনি কালবেলা ছেড়ে দু'হাতে ধরে রাখি নির্যাস অনুভূতি ;

পরিতৃপ্তি বোধ করি মিলনান্ত উপন্যাসের সমাপ্তি পাঠ করে, 

পঞ্চইন্দ্রিয়ের প্রতিধ্বনিতে নিশ্চিত করি নবজন্মের স্বাক্ষর।


শক্ত করে ধরা আছে গিঁট বাঁধা দড়ির ওপারে বসন্ত কুঠির,

আহা...! 

অশোকের সাম্রাজ্য বিস্তারে বুদ্ধের বাণীর ভূমিকা অসীম ;

খণ্ড খণ্ড ভূখণ্ড জ্যামিতিক পরিমাপে জুড়ে যাচ্ছে মধ্যরাতের প্রাচীর ভেঙে,

এমনটাইতো কথা ছিল...ফিরে পাব রাজ্যপাঠ, অখন্ড রাজধানী আর বসন্ত সময়।












শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪২।। শান্তা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বসন্ত এসে গেছে -৪২

শান্তা চক্রবর্তী





মানবীকথা

১.

  

এ জীবনে, এই মানবী জীবনে কতবার ই তো হল, ছন্দপতন

বে-সুরে বাজল পূরবীতে সানাই

একটি ও কোকিল ডাকল না মাতাল বসন্তে!

ভরা বর্ষায় জলহীন নদীনালা তৃষ্ণায় ফেটে যায় ছাতি -

কতবার ই তো নিভল দীপ, আকাশীতান্ডবে তছনছ গেরস্থালী

তবুও এই পাথুরে মাটিতে নিতান্ত অ-সময়ে একটি রক্তগোলাপ কীভাবে ফুটে আছে! 





২.

পুরোনো পোষাক বদলানোর মতো প্রেমিকা বদলায় যাঁরা

পুরুষসিংহ ভূষণে খ্যাতিমান তাঁরা

পুরাণ-কথায় শ্রীকৃষন সেই পুরুষোত্তম

ষোড়শগোপিনীর হৃদয়হরণ! 

প্রেমযমুনায় নাগিনীর বিষ

কানুপ্রেমে মিশে থাকে কালকূট 

দুধেভাতে কাটে বেলা, রুক্মিণী  ভামিনী

বিরহজলে ভাসে একা রাধাবিনোদিনী! 








রবিবার, ২০ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪১।। সাতকর্ণী ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বসন্ত এসে গেছে -৪১

সাতকর্ণী ঘোষ


বসন্ত আসেনি এখনো 


যদি বসন্ত এসেছে বলো

তবে বলব রাশিয়ায় ফোটেনি ফুল

ইউক্রেন শীতের চাদরে ঢাকা 

হলুদ পাতার ফাঁকে বারুদ গন্ধমাখা

এখানে পলাশ এখানে শিমুল 

মহুয়ারা লালে লাল

সূর্যও বেশ হাসছে দু'গাল


বলি শোনো অযোধ‍্যা শোনো শোনো শান্তিনিকেতন 

ইউক্রেন শুধু নয় রাশিয়াতেও 

কিছু পলাশ শিমুল পাঠাও

লাল হলূদ হাসিতে বসন্ত আসুক 

সব শিশুরা ফুলে ফুলে উড়ুক

সব নারী- পুরুষ প্রেম নিয়ে 

আর গান নিয়ে 

যুদ্ধ যুদ্ধ লড়ুক

বন্দুক থেকে বুলেট নয়

কামানের গোলা নয়

বেরিয়ে আসুক ফুলের তোপ

ওই সবখানে বসন্ত এলে

তবেই না আমাদের বসন্ত 

সুর পাবে রঙ পাবে 

পাবে প্রেম সর্বত্র








শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪০ ।। সুকুমার রুজ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৪০

সুকুমার রুজ


১.

প্রেমগান গাও


এই শাল-পিয়ালের বনে তোমার আমার যুগল সম্মিলনে
আগুন পলাশ রক্তশিমুল হেসে ওঠে ক্ষণে ক্ষণে।
সপ্তপদী ও অগ্নিসাক্ষীমালিকা বদলাবার
কী দরকার কী দরকার কী দরকার!
সাক্ষী রইল এই বনরাজিসম্মতি মনে মনে

পরাগ মাখানো ফুলছাপ ডানাইচ্ছের প্রজাপতি
রোমাঞ্চকর ভালোবাসা খোঁজে শরীরের ইতিউতি।
জল-হাওয়া বুঝেদিন খুঁজে খুঁজে রোপন সবুজ চারা।
দাম্পত্যের দ্রবণ মিশিয়ে আগামীতে কড়া নাড়া।
একদিন জানি কাঙ্খিত সেই দিনক্ষণ এসে ডাকবেই !
জননী-গরবে গরবিনী হয়ে অপত্যজল মাখবেই!
জমিয়ে রাখা সে আনন্দগুচ্ছসোহাগ-আদর ঝরাবে।
হৃদয় আঁকড়ে তুলে রাখা ধন  প্রতিরোধহীন নানা অর্জন,
দিনে দিনে বেড়ে নওলের মতো তোমার হৃদয় ভরাবে।

তবে কেন মিছে চৌচির করো ইচ্ছে কাচের আয়না,
হৃদয় শরীর সবকিছু চায়মন তবে কেন চায় না!
ঘোর লাগা যত মৈথুনরং হয়ে যায় কেন ফিকে,
চূড়ান্ত সেই তৃপ্তির পাখি কেঁদে ফেরে দিকে দিকে।

তাই বলি ওগো কমলিনী রাই ইচ্ছের মালা পাল্টাও
নওলকে তুমি কন্ঠে জড়িয়ে নতুন প্রেমের গান গাও।




২.

হৃদয় শুশ্রূষা

এই রক্তাক্ত ফাগুনে কামনার পথ ঘুরে,
রোমাঞ্চিত প্রস্তুতি নিয়ে ত্রিকোণ-আহ্বানে
শরীরী আগুনে নিঃশেষে না পুড়ে,
সবকিছু উপেক্ষা করেহৃদয়ের আনন্দগানে
স্বচ্ছতোয়া নদীটির মত নিঝুম প্রণয়ের নাম প্রেম।

ফিসফিসে ফাগুন-বাতাস আর্দ্র-উষ্ণ গুঞ্জনে
রাই-নওলের কানে কানে ছড়ায় প্রেমের বারতা...
তাকে দূরে ঠেলেঅবিমিশ্র মুগ্ধতা দু'জনের মনে
অরূপ শুশ্রূষায় আনুক হৃদয়ের সুস্থতা।
এমন পারস্পরিক হৃদয়-ওষধির নাম প্রেম।

তাই নয় আর ত্রিকোণের খেলানা হয়ে খাক্,
প্রশান্তি-সুর থাকনয় আর তুরীয় আনন্দের গান...
প্রেমটুকু বেঁচে থাকহৃদরঙ বসন্ত-রঙে মিশে যাক...
তোলা থাক  দু'জনের যা কিছু মান-অভিমান।
এমন হৃদয়-বসন্ত-বাতাসের নাম প্রেম।











শনিবার, ১৯ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩৯ ।। স্বপন কুমার নাগ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।









বসন্ত এসে গেছে -৩৯

স্বপন কুমার নাগ




 আলোছায়া

 


প্রণম্য অভিসারে নত হয়ে আসে গোধূলি-সন্ধ্যা...

বসন্তের দখিনা বাতাসে কৃষ্ণচূড়ার নিঃশর্ত সমর্পণ

বিনম্র অনুভূতির আড়ালে জেগে ওঠে সফেদ-জোছনা।


তোমাকে চিনেছি,অবাধ্যপ্রেমের ফাল্গুনী অনুরাগে

সময়ের ব্যাপ্তি ছুঁয়ে জীবনের ওঠানামার 

দ্ব্যর্থহীন সংলাপ শুনি,বসন্তবাউরির কাতর কণ্ঠে

জড়ো হয়ে আসে শব্দহীন,অগুনতি বিরহী-বর্ণমালা। 

আকাশের নীল দ্রাঘিমাজুড়ে কল্পনার রঙিন বিস্তার-

বুঁদ হয়ে ঘ্রাণ নেয়,রোম্যাণ্টিকতার পলাশ-কাননে।

পাতার সবুজগন্ধ শুঁকে হারিয়ে যাবার আগে 

তোমাকে কাছে পাওয়ার উদ্বেলিত বাসনায়-

কেটে যায় এক অর্বাচীন প্রহর...


পলাশের সৌন্দর্য মেখে গোপনে পানসি বায়,প্রেম; 

প্রশস্ত ঢেউয়ের বুকে বাসন্তিক বিরহে অবনত ইচ্ছেরা

ছড়িয়ে পড়ে একফালি দীণতায়...

আবির-রাঙ্গা রঙিন আকাশের দাওয়ায় ফুটে ওঠে 

অধরা-স্বপ্নের নির্বাক চালচিত্র।


মিলিয়ে যাবার আগে,বসন্তের রক্তিম‌-আভায় মেতে ওঠে-

ভালোবাসার চিরন্তন উপাখ্যান...








শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩৮।। সৌম্য ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বসন্ত এসে গেছে -৩৮

সৌম্য ঘোষ



বসন্ত


কৃষ্ণচূড়ার মাথায় সকালের আলতো রোদ
ভোরের শিরশিরানি, মুকুলের গন্ধ
যতই বলুক -
সে এসেছে,
সে আসেনি। 

চায়ের বাষ্পে চোখ ঝাপসা হয়ে আসে
মাটিতে মিশেছে পলাশ - শিমুলের রঙ
কোকিল ডাকেনি
টিভিতে শুধুই
কান্না - হাহাকার। 

ওদের আকাশে বোমারু বিমান
ঠিকানা লেখা মিসাইল
ধ্বংসস্তূপের উপর সাঁজোয়া গাড়ি,
বহুদূরে কাগজের পাতায়
শান্তির সমাধি। 

আমাদের মাটিও ভিজে
-তাজা রক্ত, তাজা প্রাণ
ঋতুর মত বদলায় রহস্য

রক্তস্রোতে বয়ে যায় বসন্ত









শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩৭।। রা খ হ রি পা ল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





বসন্ত এসে গেছে -৩৭

রা খ হ রি পা ল





আমার বসন্ত


তখনও বাতাস অভিমুখ ছেড়ে কলসিতে জল ভরেনি

তখনও পলাশ ফুটি ফুটি করে আলোতে পাপড়ি  মেলেনি।


তুই ছিলি বেশ উচ্ছল ডানা জ্যোৎস্না মাড়ানো নির্যাস

আমার দুয়ার হাটখোলা ছিল ঝড় জল বারমাস


কেন যে বিভোর দোর খুলে দিয়ে ডুব দেয় ঘোর অজানায়?

কেন যে ক্ষণিক ক্ষত এঁকে বুকে স্থির হয় স্থায়ী ঠিকানায়?


হোঁচটের নামে ছল করে তুই ব্যাথা ক্ষতে ঠোঁট ছোঁয়ালি

না বোঝার আগে আগুন ছড়িয়ে ফাগুনের ডাক দেওয়ালি।


এক ঝাঁক পাখি কলরব করে উড়ে গেল দিশাহীন

সেই থেকে শুরু পুস্পবৃষ্টি ঝরে গেল সারাদিন।


সেদিন আকাশে তন্দ্রা এল না লালিমা গড়াল দূর

ছায়া নেচে নেচে বহুদূর ভেসে বাঁক নিল রোদ্দুর।








শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩৬।। তপন বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।







বসন্ত এসে গেছে -৩৬

তপন বন্দ্যোপাধ্যায়



বসন্তের কোলাজ


১.

মেঘেদের তো মাঝেমাঝে ইচ্ছে করে বর্ণময় হব

রঙের ভিতর থেকে বিচ্ছুরিত প্রণয়ের আলো

নেমে এসে পৃথিবীতে রেখে যায় বৃষ্টির স্তবক

মেঘের এই রংকেলি তোমাকেও তো একটু রাঙালো।



২.

বাঁশি শুনে কেঁপে ওঠে বিশ্বব্যাপী তাবৎ রাধারা

গোষ্ঠ থেকে বৃন্দাবন এক দীর্ঘ বিচরণভূমি

বিন্দু বিন্দু প্রবাহিত অবিনশ্বর প্রেমধারা

এতকাল কেটে গেল--শ্রেষ্ঠ প্রেমিক আজও তুমি।







বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩২।। বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

    






বসন্ত এসে গেছে -৩২

বিকাশরঞ্জন হালদার 




একমুঠো পলাশের স্বপ্নে 



এইমাত্র অচিহ্নিত। এইমাত্র  এক অথবা বেশি। আশ্চর্য মহিমায় মুছে যেতে চায় সর্বাঙ্গের অশ্রু। ফাগুনের রঙে তেমন করে আর ভেজা হলো না! নেপথ্যে উড়ে বেড়ায়, অপেক্ষার সরু-গলি, বিনীত যাপন! একমুঠো পলাশের স্বপ্নে, অক্ষর সাজাই অসময়-সময়ের বাঁকে। তোমার দিকে পেতে রাখি ক্ষুধাতুর চোখ! রঙিন আঙুলের উষ্ণ পরশগুলো সোহাগী জ্যোৎস্না-ঘাঁটে স্মৃতির ভিতরে! এখানে বসন্তের কোনো সাল-তারিখ নেই! আমি শুধু জানি, অপ্রকাশিত আগুনে বারবার অস্থির হয়, ভুলে থাকা শুরুর কিনার! সে শুধু রোদন-ভার! কোকিলের মোহ-কণ্ঠও মাঝে-মাঝে বড় আশ্চর্য  মনে হয়! তবু-তো বসন্ত আসে, অনিবার্য নিয়তির মতো! আমারা আক্রান্ত হই, অনুরাগে রস-থৈ‐থৈ! প্রীতিময়  আলো ফোটে আবেগে ...









বুধবার, ১৬ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩০।। পার্থ বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৩০

পার্থ বন্দ্যোপাধ্যায়



বেসুরো বসন্ত


হিংস্র দ্রাঘিমা বরাবর

তুলি টানলে বিন্দু-রেখায়

অতর্কিতে আদিগন্ত রক্তপলাশ --


না, সে সুযোগ মহানগরে

একান্তই অসম্ভব জানি।

কেবল রাঙা পলাশের দেশ থেকে

হাওয়ায় হাওয়ায় ভেসে আসে

অবধারিত হিংসার খবর...


তবু অনাবিল ভোরে অবিরত ডাকে

বসন্তের কোকিল। বহুযুগ পর

স্মৃতির সরণি ধরে নেমে আসেন

মানিক বাঁড়ুজ্যে। তাঁর কথা

প্রসঙ্গত মনে এলে দিগন্তের বুক নিংড়ে

ক্রমাগত রক্তের উচ্ছাস।


ভোর হয়, ফুটে ওঠে আলো।

জারুলের শুষ্ক ডালে উজ্জ্বল বাঁশপাতি

উড়ে এসে বসে

শিকারে লব্ধ পোকা খায়

দু'দন্ড জিরিয়ে উড়ে যায়।

নিঃস্ব জানালা খুলে দিতেই

তৃষিত দৃষ্টিপথে মোহনীয় ধরা পড়ে

নতুন দিনের হাতছানি...


হিংস্র দ্রাঘিমা বরাবর

উদ্ধত তুলির টানে বিন্দু-রেখায়

আজ শুধু সন্ত্রস্ত রক্তপলাশ।





বসন্ত এসে গেছে 


শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -২৯।। রাজেশ কান্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বসন্ত এসে গেছে -২৯

রাজেশ কান্তি দাশ



কবির কাজ


ফুলটা বাসি হয়ে গেছে। তার মিইয়ে যাওয়া পাপড়ি থেকে গন্ধ বেরোয় না। 
মৌমাছি বসে না। 
ধূসর হয়ে উঠেছে তার রং। 
... এমনটা কেন হলো বিড়বিড় করে আমাকে জিজ্ঞেস করে ফাল্গুনের বসন্ত...? 
আমি কি জানি তার কারণ? 
কেন মিইয়ে গেলো তার অঙ্গসাজ?

আমি জানি, বাসি ফুলে বসন্ত ফুটানো কবির কাজ।













শুধু কবিতায়... বসন্ত এসে গেছে-২৮ ।। প্রেমাংশু শ্রাবণ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





 বসন্ত এসে গেছে-২৮ 

প্রেমাংশু শ্রাবণ



বসন্ত এসে গেছে 

ছেলেটা আসছে পায়ে পায়ে 
মেয়েটা হাসছে মনে মনে 
"বসন্ত এসে গেছে "
এগানটা ক'জন জানে? 

আকাশে পলাশে রঙ 
ছেলেটার হাতে ফুল। 
এখনই কি প্রয়োজন
মেয়েটার এলোচুল। 

যখনই বাড়াবে হাত
ছুঁয়ে দেবো আনমনে, 
"বসন্ত এসে গেছে "
এগানটা ক'জন জানে? 

শরীরে বসন্ত এলে 
মনেও কোকিল ডাকে, 
একান্তে কাছে পেলে 
চুমুতে ভরাবো তাকে। 

পাগলের মতো হায়
কাছে নেবো একটানে, 
"বসন্ত এসে গেছে"
এগানটা ক'জন জানে? 















মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -২৭।। অশোক রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





বসন্ত এসে গেছে -২৭

অশোক রায় 




১.

পলাশের যুদ্ধ


বসন্ত এত লালে সাজানো কেন
পলাশ কৃষ্ণচুড়া ইউক্রেনের বরফ
চোখের জল শুকিয়ে লাল
আনন্দ কেন এত কান্না ঘন
কোয়েল দোয়েল শালিখের গানে

ভালবাসা দেশমাতাকে আঁকড়ে রেখেছে
রুশি গুহায় বিচ্ছিন্ন হৃদয়ের লাব ডুব 
বসন্ত ছিনিয়ে নিয়েছে যত জাগতিক সুখ
সৌন্দর্যের রাজপ্রাসাদ আর্তের চিৎকার
হায় বসন্ত কেন তোমার এ রক্ত সাজ....






২.
ফাগুন - সারা 

একটু বসন্ত কিনেছি অতিকষ্টে
রাসবাড়িতে পূর্ণিমা রং ফোয়ারা
কোকিলের কণ্ঠে বনপলাশির গান
হৃদয়ের রাগ শুনে আড় ভাঙে গ্ল্যসিয়ার 
হিম শীর্ষ  হতে প্রেমধারা স্ফুরিত অধর 
পলক  ফেলতে ফাগুন আগুনে বৈশাখ
 
তবু  প্রতিবার যখন তুমি হাসো সবকিছু ভুলে
জড়িয়ে ধরি তোমায় আনন্দে অচেতন
বসন্ত কৃষ্ণ সখা অরূপ রতন...!