আজকের কবিতায়
আরণ্যক বসু
এসো এসো ঋতুরাজ
তোমার কাছেই ফিরতে চেয়েছে শেষপাতা জাগা শিরিষ শাখা,
ফাগুন আনবে শত প্রজাপতি সাত রঙে ভেজা রঙিন পাখা ।
গ্রাম শ্যামলিমা,নদীটি শ্যামলী ,মেয়েটির নামও তাই ;
কড়াইশুঁটির পড়ে থাকা স্মৃতি, শীত বলে -- তবে যাই।
মেয়েটির চোখ ছলছল করে জীবনানন্দ ঘিরে..
সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা সূয্যি চলেছে ফিরে,
ফিরে তাকাচ্ছে শূন্য আলের কনে দেখা রোদ্দুর
একি লাবণ্যে পূর্ণ প্রাণ -- লিখেছে রবিঠাকুর।
শ্যামলিমা জানে ,মেয়েবেলা মানে,বুকের না-ফোটা কুঁড়ি
শ্রীপঞ্চমীর ইসকুল-গেটে মন হয়ে যাবে চুরি !
হোক হোক চুরি ,ভেঙে যাক চুড়ি ,এসো এসো ঋতুরাজ
কাঁপা কাঁপা হাতে বানান ভুলের বার্তা এসেছে আজ !
কী সেই বার্তা ? শ্যামলিমা জানে -- আঁকা পলাশের গাছে,
প্রথম চুমুর পাগলামো -- যাবে ব্যর্থ কবির কাছে.।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-e-magazine-bengali-poem-in.html
