লেবেল

গুচ্ছকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গুচ্ছকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২২ মে, ২০২১

আজকের গুচ্ছকবিতা।। প্রসাদ সিং।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।







 আজকের গুচ্ছকবিতা 

প্রসাদ সিং






১.

দাঁড়িপাল্লা 

                                 
কিছু মানুষ দাঁড়িপাল্লায় চাপতে পছন্দ করেন 

আপনি না হয় চাপুন না , নাগরদোলায় 
বা তিনি শুনিয়ে দেবেন , লোকে বড় বললেই বড় 
লোকে ছোটো বললেই ছোট 

যদিও প্রবাদ বাক্যদের সম্বন্ধে বলেছিলাম আগে 

শুধু দাঁড়িপাল্লার কাঁটায় নজর রাখলে হবে না
কার হাতে সেটি ধরা আছে তা দেখতে হবে বৈকি 
বা তার চোখে আইনের কালো কাপড় কি না 

শুধু হুড়োমুড়ি করে দাঁড়িপাল্লায় চাপলে হবে না 
                                 










২.
ঘাসফুল 
                              
স্বপ্ন ফুটে আছে ঘাসফুলে আর বলছে 
জাগো বাস্তবতাকে ছোঁয়ার সময় এসেছে
সকালে প্রাতভ্রমণে বেরোনোর সুঅভ্যেস নেই 
তাই স্বপ্নদের দেখে খুশি হওয়া হয় না আর 

রাষ্ট্রের অন্ধ পা আমার স্বপ্নদের মাড়িয়ে গেছে 
বিকেলে গিয়ে দেখে আসলাম 
হয়তো আমার ঘাসুড়ে হওয়া উচিত ছিল 
তাহলে সবুজ পোশাকে পাহারা দেওয়া যেত 

রাখালের কাছ থেকে বাঁশি বাজানো শিখতে হবে
রাষ্ট্রকে ভ্রমিত আনুগত্য না দিলে সুখ নেই 
আমার পোষ্যদের শান্তি নেই 
বেঁচে থাকবে না নিজের কোনো আর্দশ 

তৃণভোজীদের মাধ্যমেই মাংসাশীরা বেঁচে থাকে 
দেরী হয়ে গেল বড্ড একথা বুঝতে 
হঠাৎ করে আমিই রাখাল বালক হয়ে উঠি 
বাঁশির বাজানোর কথাও ভুলে যাই 

পোশাকের রঙের কথা ভুলে গেছি 
পোষ্যদের মুখ চেনা হয়ে ওঠে না সবসময় 
নিজেকে তৃণভোজী না মাংসাশী কি যে বলি 
দুহাত দিয়ে আগালাই ঘাসফুল ও পোষ্যদের 
                                 




৩.
 কলকাঠি 
                            
কলকাঠিটা কোথায় আছে আমরা জানিনা কেউ
আমরা শুধু মেলায় পাওয়া কাঠিপুতুল 

একবার রাষ্ট্র খুব জোরে চাপ দিয়েছিল বোতামে 
আমার কঙ্কাল হাড়গোছাতে ব্যস্ত হয়েছিলো 
শাপে বর হয়েছিলো মস্তিষ্কটা নড়ে গিয়ে 
এবার রাষ্ট্র কলকাঠি নাড়ে , আমি আকাশে উড়ি 
ঠিক যেন ম্যাজিক শো এর সব ম্যাজিক জানি 
আমাকে ভয় পাচ্ছে রাষ্ট্র , পাছে চিৎকার করি 

চাপ নেই , চারপাশে সহর্মমীরা দাঁড়িয়ে আছে 
টিকে যাবো সংখ্যাগরিষ্ঠতায় , রাষ্ট্রের মতোই 
                               



 
৪.
আবদার 
                             
এক্ষুনি আমার একটা সূর্যাস্ত চাই 
চাই একজন নিজেরই একান্ত মনের মানুষ 
যদিও কটা ঘরে ফেরা পাখি ছাড়া মেলেনি কিছুই 

অপেক্ষা করতে পারে সূর্যাস্ত 
পাখিরা ঘরে ফিরুক একটু দেরী করে 
ভাঙেনি আমার প্রিয়তমা অনিন্দিতার ভাতঘুম 

আজ এদিকে বেশী ট্রাক্টরগুলো এনোনা 
মজুররা ফিরুক জমির রাস্তা ধরে হেঁটে 
প্রকৃতির কাছে গোপনতা চাওয়া যায় না বোধহয় 

কিছু মৃদুমন্দ বাতাস পকেটে পুরেছি প্রিয়ের জন্য 
সে ঘাসের ঘ্রাণ চাখতে চেয়েছিল 
রের্কড করেছি পাখিদের কূঞ্জন 

প্রিয়তমা রক্ষণশীল পরিবারের মেয়ে 
সে সূর্যাস্ত দেখতে পায়না মন মতোন 
ছবি তুলতেও ভুলিনি তার জন্য 

ছবি , ঘাসের ঘ্রাণ , পাখিদের কূঞ্জন দিই কেমনে 
গুধূলি নেমেছে জীবনে 
হারিয়েগেছে প্রিয়তমার ঠিকানা পাহাড়ের কোলে। 
                                


রবিবার, ২৩ আগস্ট, ২০২০

নির্বাচিত গুচ্ছ কবিতা।। প্রদীপ কুমার রায়

 






ভালোবাসা

তোমার কোমল ছোঁয়া অতল জলের আহবান
সে জলে নগ্ন হতে রাজি।
ডুব সাঁতার জানিনা তাই
পিছিয়ে গেলো নদী,
অপেক্ষায় থেকে থেকে।
অন্তর্বাস ভিজে যায়,
ভালোবাসার ঘ্রাণে।
হেমন্তের শিশির জমে
ঝরে পড়ে টুপটাপ, বুকের
খাঁজ বেয়ে নাভির উপরে,
প্রদীপ জ্বলে সারারাত।
রাত পোহালেই,
ভালোবাসা কিস্তিমাত। 


অলংকরণ- প্রদীপ কুমার রায়    




ইতিহাস

সময়ের সিঁড়ি বেয়ে ইতিহাস উপরে ওঠে,
কখনো বা নিচে,
এক রাজার বদলে অন্য রাজা আসে
তবু শাসন আর শোষণের
বীজ মন্ত্র একই।
শুধু মুখোশ আর পোশাকটা
ঝুটো মনিমুক্ত ভরা।
ভেতরটা সাহারার মরুভূমি
অহঙ্কারে দীপ্ত অত্যাচারী
ইতিহাস, চোখের আড়ালে
কাঁদে, মনে তার সবুজ স্বপ্ন গাঁথা। দিনের শেষে রাত আসে, অন্ধকারের পেট
চিরে, সূর্যের জন্ম হয়।
ইতিহাস কাউকে ক্ষমা করে না।




প্রবাস ভালোবাসা

প্রবাসে ভালোবাসা একাদশী চাঁদ
ক্ষয়ে ক্ষয়ে মরে যায়,
বেঁচে ওঠে তবু
পান্ডুর হাসি নিয়ে
জীবনের পথ খুঁজে ফেরে।
তন্দ্রার ঘোরের মাঝে, জীবন্ত কুঁড়ি, কিছু স্মৃতি
ঘ্রাণে থাকে ভেসে। স্পর্শ,
সে অতলান্ত মনের গভীরে
জেগে থাকা ভালোবাসার
গোলাপ রাঙা ঠোঁট।

প্রবাসে ভালোবাসা শুদ্ধ
কুমারী এক ষোড়শী, চোখের তারায় স্থির অকম্প স্বচ্ছ মুখ, মনের আয়নায়। কাঁপা কাঁপা গোলাপী ঠোঁটে, শিহরণ, থরো থরো শিহরণ।
মনটা কে টোপ করে
ফেলে রাখি জলে,
ভালোবাসা ধরা দেয়,
কখনো হঠাৎ 
ভারিক্কি চালে। 

অলংকরণ- প্রদীপ কুমার রায়   








অপেক্ষা

সেই কোন কুঁড়িফোঁটা সকালেএসেছিলেম, একা
বসে বসে বেলা হয়ে এলো শেষ, এখন আকাশের চোখে দেখি, রজনীর প্রেম
পাখির ডানায় বিদায়ের রেশ।

তখন আকাশ ছিঁড়ে বাদলের ঝরাপাতা
খসে খসে পরেছিলো
ধরণীর পরে, উদাসী বাতাস, উন্মত্তের মতো
মাথা নেড়েছিলো বারেবারে। মেঘেদের মুখ
দেখে, টলটলে জলে
আমি ভাবলাম, বুঝি তুমি এলে।

তারপর ঝলমলে মাতাল দুরন্ত আলো, এক পা এক পা করে, ঝকঝকে তীক্ষ্ণ
বর্শার ফলকের মতো,
নেমে এলো, লুটিয়ে পড়লো মাটির বুকে,
তৃণদের গলে
আমি ভাবলুম, 
বুঝি বা তুমি এলে।

এখন আকাশ ভরা তারাদের মেলা, কেটে গেছে বহুক্ষণ অশ্রুঝরা
সন্ধ্যার শেষ বিদায়ের বেলা। পৃথিবীর আরেক
প্রান্তে চলেছে আয়োজন
আসন্ন প্রভাতের, আঁধারের পিছে।
আমার সময় শুধু তোমার,
অধীর প্রতীক্ষায়,
কেটে গেলো মিছে।

অলংকরণ- প্রদীপ কুমার রায়   




হঠাৎ দেখা  

সাত বাই সত্তর, গলির মোড়ে
দেখা তোমার সাথে,
সালের ফ্রেমে পিচের স্কেচ
চোখে মুখে খুশির চুম্বন
আলোর বর্শা হাতে।

এক পা গেলেই থমকে গেলাম।
ছিটকে পড়লো কিছু
জল কাদা কাপড়ে চোপড়ে। একটু আগের
বৃষ্টির জের।

গলিটা এখন সূর্যের আলোয় ঝলমলে
মাথায় নীল চাঁদোয়া
লতানো থাম দুপাশে
নিখুঁত সুন্দর একটা ছবি
শিল্পীর ক্যানভাসে।

থমকে গিয়ে দাঁড়িয়ে আছি
ঠায়, কাদাগুলো বিদ্যুৎ বেগে, ছুটে এলো, চোখ থেকে, মন থেকে, কেড়ে নিল সব আলো, সরে গেলাম ,সাজানো ফ্রেম থেকে চলে গেলে তুমি, অনেক কথা নিয়েও থমকে গেলাম, ছিটকে পড়ল কিছু জল কাদা কাপড়ে চোপড়ে ,
সাত ভাই সত্তর গলির মোড়ে। 






বুধবার, ২৫ মার্চ, ২০২০

একগুচ্ছ কবিতা /বিমল মণ্ডল


১.
খবর



হাইরোড়ের  ধারে রোদ্দুর  মাথায় শুয়ে
এলোমেলো কয়েকটি  মুড়ি চারদিকে  ছড়িয়ে 
ভি আই পি গাড়িতে কয়েকটি লোক চলে যায়
ফুটপাত কাঁদে লোকটার খবরের আশায়। 


আমিও  সব দেখতে  থাকি, তখনও  অসহায় 
অযত্নে  মানুষের  কর্তব্য দাঁড়িয়ে  রাস্তায়
হঠাৎ খবরে  কয়েকটি সদস্য কাঁদছে  শোকে
ভাবতে  থাকি নিয়তি কাঁদে দুঃখে ও সুখে।




২.
ফাগুন মনে



ফাগুনের বনে রাত জ্যোৎস্না আনে
আজ আমি একা শুধু উজ্জ্বল মনে
বসন্ত প্রেম লাগে নদীটার পাশে
কত পাখি উড়ে যায় ধানসিঁড়ি শেষে। 

আজ তবু অদ্ভুত জিজ্ঞাসা  আনে
ফাগুনের  হাওয়ায়  ভাসে তার প্রাণে
পলাশের বনে বনে কত রঙ ধরে
ফাগুনের  প্রেম শুধু  মানুষের  তরে।







৩.
পরদেশী 


ভোরের আলোর পাশে দাঁড়িয়ে  
পরদেশী  সূর্য 
দরজার  বাইরে একমুঠো  স্বচ্ছতা
ছড়িয়ে ঠিক সত্যের  মধ্যে 
যা কিছু টান তা সহজ শব্দে 
বাতাসের মতো  ভাসমান  আমি
নিষিদ্ধ  শরীরজ্যোতি  ছুঁয়েছে  
সত্যের চেয়ে বেশি

আমি সেই ভোরের আলোর পাশে
দেখেছি এক ষোড়শী কন্যা  
রূপ-লাবণ্যে  আকৃষ্ট  পরদেশী





৪.
মা


রাতের তারারা কথা বলে গোল  করে
কতগুলো  ছেলে মেয়ে দাঁড়িয়ে হাত বাড়ায়
গ্রাম পথ স্বচ্ছ আলোয় থাকে আনন্দ সুরে 
মায়ের চারপাশে কত আলো খেলা করে। 

এপাশে -ওপাশে যাওয়া-আসা   কত তারা করে
অফুরান  হাসির শব্দ আমায় দেখতে পেয়ে
মায়ের অভাব দূর  হয় তারাদের ঘরে
কপালে  আলতো চুমু বিছানার পরে। 

সব আদর মুছে যায় ভোরের আলোয়
মায়ের  কথা শুধু সারা জীবন মনেতে রয়।


৫.
প্রকৃতি 



উন্মুক্ত  বারান্দায় 
কয়েকটি  চেনা মানুষ 
হেঁটে  যাচ্ছে আনমনা হয়ে
হঠাৎ  এক প্রকৃতির রূপ-লাবণ্যে 
স্বচ্ছ  আলো ছড়িয়ে পড়ে
কয়েক জনের চোখেমুখে 

প্রকৃতি চুপিচুপি  হাসে
করুণা  করে 
হঠাৎ  দমকা  হাওয়ায় 
মানুষগুলো  বাসস্থান  খোঁজে 
একে অপরের দিকে আঙুল  দেখায়

প্রকৃতি  আবারও  হাসে
শান্ত স্নিগ্ধ প্রকৃতির  দিকে
হেঁটে যাওয়া মানুষগুলো 
শুধু  তাকিয়ে থাকে।




৬.
 মধ্যবিত্ত  তারার আদলে 



 কোনো কিছু  তোমাকে সে ভাবেই বলিনি
ঠিক বলা হয়ে ওঠে  নি
ভাঙা বৃষ্টির গন্ধ, আলসে সূর্যের  শয়ন
ফোঁটা  ফোঁটা জলের টীকা 
আবছায়া নিমন্ত্রণ 
হাল্কা বাতাসে ভাসে  আধটু ভালোবাসা 
বারান্দা আর উঠানের  মাঝখানে নির্জন  রাত্রি 

ঠিক যেন সাজানো  মধ্যবিত্ত  তারার  আদলে।




৭.
বিষণ্ণ  হাতে




দীর্ঘদিন  তেমন  কোনো  কথা বলছি না
কেন তা হয়তো  সবাই জানে। হাসপাতালে বুকের ব্যথারা ব্যস্ত  ছিলো 
তুমি হয়তো  কয়েকদিন ধরে মুখ ফিরিয়ে নিলে। 


প্রতিটি  রাত ছিলো  মৃত্যুর  পরোয়ানা 
নিজেকে  খুঁজে পাইনি  এক মুহূর্ত   হলেও 
ভুলে  গেলে  তোমার গড়া  এই সম্পর্ককে
বেঁচে  যখন  ফিরি ভেবেছিলাম  সঙ্গী পাবো তোমাকে। 

অর্ধেক  বিষণ্ণ হাতে দাঁড়িয়ে  তোমার  পায়ের কাছে
কিছুটা সংশয় মনে, তবুও তোমার স্নেহ  এখনো মনে আছে।



৮.
বোধ 



টাপুর টুপুর বৃষ্টি  পড়ে
    এই ঝড়েতে  রিক্সা  আসে
বৃষ্টির মধ্যে মহিলা যাত্রী 
      রিক্সার সীটে  উঠে বসে। 

বৃষ্টির গতি বেড়েই চলে
    ভিজতে থাকে রিক্সাচালক
ছাতা ধরে এগিয়ে বলে
     ছাতার মধ্যে  ধীরে  চালক।

চালক আনন্দে গান ধরে
     বৃষ্টিতে মহিলাটি ছাতা ধরে
এই বোধ  আসুক সবার চাই
     মানবিক বোধ যেন সবার ফিরে।



৯.
জীবনছবি

না যদি তোমাকে মেনে চলি
নিশ্চিত তুমি মেনো না 
দিন আনি দিন খাই তাও বলি
আমার চাওয়াটা নিশ্চয়ই জানা। 

তোমার সংকোচে  ভেঙ্গেছে মন
সংশয় শুধু প্রশ্ন করার
কত-শত অভিমান পেয়েছি যখন 
স্নেহের ময়দানে দেখি আবার। 


আমি তোমার প্রহরী  হতে চেয়েছি
রাত কিংবা  দিনে পাই স্নেহময় ছায়া
জীবনছবি তে তোমাকে তুলিতে এঁকেছি
উন্মুক্ত হৃদয়ে পেয়েছি তোমার মায়া। 


কতদিন  কাটবে না এই সংশয়? 
 তোমার জীবনছবি আমারই মতো  হয়।




১০.
নদীর গান




নিশিযাপন  নদীর জলে গান
ধ্রুপদী নৌকো বুনে চলে সময়
জলের খেলায় মাতে জ্যোৎস্না যান
নৈঃশব্দ্য  রাত্রি ছড়ায়  আলোয়। 


মাঝিরা কোলাজের সংকেত পায়
নদীর  স্রোতের প্রতিটি ইশারা 
সুমধুর ঢেউ খেলা স্বচ্ছ আলো চায়
তুমুল জলের দ্বন্দ্ব, মাঝিরা দিশাহারা। 


 রাত্রির  কোলে প্রভাত আয়না 
নদীর জলে কত সুর তোলে বাজনা।



১১.
সংকেত

স্ব-শরীরে তুলে তুলে নেয়  বর্ণমালা 
আকাশ যাপন  তখন করছে শেষবেলা
শব্দের ঢেউ ঢেউয়ের  ঠোঁটে ঠোঁট  চুম্বন 
কবিতার ঘরে হলুদ বিকেল সন্ধ্যায় পণ। 

পাতাঝরা গাছে পাখিরা শব্দের ঘর বুনে
অক্ষর অক্ষর  ঠোঁটে  কত শব্দ  আনে
ভিজে যাওয়া নদী  ঢেউ তুলে  করে প্রেমালাপ 
সংকেত তার শব্দমুখর আয়োজনে আলাপ। 

বর্ণের গায়ে সাদামাটা  শব্দের  ব্যবহার 
ছোটো ছোটো কথা সংকেতে আসে বলার।



১২.
ঠিক ততটা  ভাবিনি 


কবিতার গঠন থেকে দূরে সরে এসেছি 
সবার ভালোলাগার কথা লুকিয়ে শুনেছি
অসম্ভব বিশ্বাসে  সমালোচনায় বেঁচে আছি
কতটা স্তিমিত হয়ে শুয়ে শব্দ শব্দ খেলছি। 

ঠিক যতটা  খারাপ  ততটা  ভাবনায়  আসেনি 
অপূর্ব বিন্যাস জালে অক্ষর অক্ষর পোশাক 
আমি স্পষ্ট শুনতে পাই পাখিরা ডাকেনি 
কি জানি কতটা সময় আমার জন্য ঠিক। 

শুধু  কলম সৌখিনতা, আবোল -তাবোল বলে
মনের আঙ্গিকে ঠিক যতটা ভাবিনি, ততটাই  চলে।



১৩.
নদীসঙ্গম



রোজ রোজ নদীর  মানচিত্র পাল্টায়
আপেক্ষিকতা  নদীর  নাচমুদ্রা
কখনও  আসে ফণা তোলে ঢেউ চুম্বন নৌকায় 
খেয়ালের বসে সংগোপনে প্রেমালিঙ্গণ । 

নরম  শরীর স্থিতি নয় মনের গভীরে  যাই
কত মুক্তো দেখার লোভে মুক্ত অরণ্যে  ডুবি
তরী-ভরা মুক্ত  তুলে তোমারই  প্রেমাসক্ত হই
প্রবাহমানতা সারা নদী জুড়ে উত্তাপে উত্তাপে । 

মুগ্ধ প্রেম, নদীসঙ্গম সারা নদী  জুড়ে 
মাছেরা উলঙ্গ শরীরে নদীর  কামনা ঘিরে
ব্যভিচারের  শেষ  অঙ্ক  নদীর  শরীরে 
কতশত  সঙ্গম দাগ ধুয়ে যায়,  হয় মাধবী ।




১৪.
 রোদ কোলাজ



আকাশের  সাথে মিলের বিশ্বাস 
মেঘেরা সাদা বেলুনের মতো উড়ে 
রোদের গায়ে কলঙ্কহীন, ছাড়ে নিশ্বাস
তবুও  কোলাজ বুনে সকাল , দুপুরে। 

আদি- অন্ত সবিনয়  নিবেদন  ঘিরে
শান্ত - দুষ্টু  রোদ পোশাকের  আড়ালে
কতকথা  মেঘ আর আকাশ চুপচাপ সারে
ঝড়ের শিল্পী  রোদ ঢেকে নাচে তালে তালে । 

রোদ খেলা  শুরু  হয় ঝড়ের ছন্দে 
কোলাজ বুনে যায় সময়ের রোদে।




১৫.
- প্রার্থনা 



গোছানো  হয়নি ঘরে বাইরের সমস্ত কাজ
সময়ের  আতঙ্কে ঘরে বাইরে সাবধান 
সর্বত্র খুঁজে পায় আমি, আমি নামক কাজ
পরীক্ষার আয়োজনে আলাপ শুধু ব্যবধান । 

দেশ, রাষ্ট্র সামগ্রিক বাঁচার প্রার্থনা 
ভাইরাস মুক্ত  করার কর্তব্য সমাজে  সবার
চারদিকে  হাহাকার ভাসে, দেখে আয়নায় 
মারণ রোগ থেকে  বাঁচতে  প্রার্থনা এবার । 

শিশু থেকে  বৃদ্ধ করে আয়োজন 
সারি সারি মৃত্যু মিছিলে, ঈশ্বর তোমাকে  প্রয়োজন। 




১৬.
সুখ


বিশ্ব সুখ দিবসে সুখ কিনেছি
ছোট্ট  পরিবার তৈরি  করেছি
সুখ পেয়েছি মনের আয়নায় 
ছেলে - মেয়ে আর দু'জনায়। 

আকাশ ছোঁয়া আনন্দে  মেতে 
সুখী দিবসে সবাই চাই সুখী  হতে
হাসি খুশিতে  আমরা  সবাই
ছোট্ট  পরিবার  বিশ্বে যেন চাই।



১৭.
আপন করে নিও


আমি সাজিয়ে কথা বলতে পারিনা 
হৃদয় টুকু আছে
যা দিয়ে ভালোবাসতে পারি
কতগুলো  সময় ঢেউ খেলে
অপূর্ব  বিরহের গন্ধ 
আমার শরীর  জুড়ে 

তোমার অপত্যস্নেহে বশীভূত 
কত শব্দকথা আঁকি
হারানো  মনে ফিরে পাওয়ার  আশ্বাস 
বেঁধে  রেখেছো প্রেমে
তোমার রক্তের দাগ নেই 
আমার শরীরে 

তবুও  মন ছুঁয়ে যায়  
আত্মার  অস্তিত্বে 

এ এক বিরাট পরিচয়
যে ভাবে আপন করে নিও
তা যেন তোমার  আশীর্বাদ। 








১৮.
 বিদ্যালয়ের  চায়ের বাগান 


আমার বিদ্যালয়ে দার্জিলিঙের  চায়ের বাগান  বসিয়ে
সমস্ত গ্রামের থেকে  আসা  মানুষের  কোলাহল 
আনন্দে  গান ধরে ছোটো ছোটো  ছেলেমেয়েরা 

যে কোনো  দিন গ্রাম ঘেরা বিদ্যালয়ে 
আনন্দ সমাগমে চা শ্রমিক  হয়ে
একদিন চা পাতা তুলতে  থাকবে... তুলতে থাকবে

সারি সারি ছেলে - মেয়েরা  দাঁড়িয়ে  পড়বে
বিদ্যালয়ের  ক্লাসের বেল পড়ার সাথে সাথে গ্রাম সড়ক ধরে

হলদি  নদী জলজ চুড়িদার পরে
তেরপেখ্যা থেকে  আমার বিদ্যালয়ে  চা বাগানের  দৃশ্য পট দেখবে
শিক্ষকগণ চা শ্রমিক  সেজে
চা পাতা নিয়ে যায় ঘরে

পুকুরের  মাছ জলে ভেসে 
জল গহনা পরে
পুরনো  ফুলের  বাগানে  নানান ফুলের  বাহার

খেলার মাঠে গজিয়ে  উঠে  কচি কচি সবুজ ঘাস
সবার থেকে  বেরিয়ে  আসা
শীতার্ত  সন্ধ্যায় আবছা কুয়াশায় ঢেকে যায়
অনন্য মায়াবী জালে 
আমার বিদ্যালয়।



১৯.
কবিতা  কেন লিখি




কবিতা  লিখি 
তা কেন লিখি?
এই প্রশ্ন  প্রতিক্ষনে মনে পড়ে
আমার শৈশব , কৈশোর  খুঁজে বেড়াই 
শুধু  আমার কবতায়
মায়ের আঁচলের  দাগ 
এখনো  আমার মনে

আমাকে মনে করায়
ভালোবাসা , সমাজনীতি , রাজনীতি আর প্রেমের  বাস্তবতা 
যে মেয়েটি  ধর্ষিতা , শত ছিন্নভিন্ন  শরীরে  শুয়ে
তার কথা লিখি
আমার কবিতা প্রতিবাদী  হয়ে  উঠে তখন 
যখন  সমাজে অন্যায়ের  ছবি ফুটে ওঠে 
আমি যখন  একা থাকি 
কবিতা  আমার প্রিয়তমা  হয়

আমার দারিদ্র্য, আমার যৌবনের  স্মৃতি 
লিখে  যায় যৌবনের  অসহায় দিনগুলো 

আমি লিখে  যাই 
আমার ভালোলাগা আর ভালোবাসার কথা।


২০.
বিশ্বাস  কর


তুই বিশ্বাস  কর মনে পড়ে নানা কারণে 
আমার হাতের মুঠোয়  শূন্যতার ঝুলি
তোর চোখে নব নক্ষত্রের  আলো জ্বলে
আপাদমস্তক  প্রেমের  শৈলীতে

যেন আমার  জীবনে  এখুনি  নেমে আসবে শেষ  ভূমিকম্প 
আমার দু'চোখে  চিরকাল  বিষণ্ণ   শবের সমাধি 

হঠাৎ  তোর নরম  শরীরে উইপোকার  মতো  ছড়িয়ে করোনা 
পবিত্র পাথরের  মতো নিশ্চুপ  ভালোবাসা 

তুই বিশ্বাস কর 
একমাত্র  উপায়  আমার প্রার্থনা 
তবুও  যেন আমার চেয়ে সুখী  লোকের  মতো  হেঁটে  যেতে পারিস।