পৌষ এল ঘরে -২৫
জয়ন্ত চট্টোপাধ্যায়
অমৃতপৌষ
চুপিচুপি হেমন্ত রেখে গ্যাছে তাকে নকল অঘ্রান মায়াহীন
রাত্রির প্রথম প্রহরে প্যাঁচা আর দ্বিতীয় প্রহরে শেয়ালের
যুগলবন্দি শুনে কৈশোরের ফুল রঙিন হয়েছে
সে এক নাছোঁয়া সুখ
অখ্যাত মাঠে সরষের খেত জুড়ে মৌমাছি গুনগুন
স্বর্গের চেয়ে বেশি উজ্জ্বল পারিজাত ম্লান করা গাঁদাঝোপ
হলুদ আগুনে জ্বলে
জোনাকির মতো মিটমিটে রাতের আকাশ হিমে ভেজা
সরীসৃপ শুকিয়ে কাঠ শীতঘুম কুণ্ডলীর কুকুরেরা
ছাইয়ের গরম খোঁজে আর্তনাদ,রাতের দানব
অমৃতের মতো ভাঁড়ে জমা খেজুরের রসে দেব-দানবের
লোলুপ রসনা ও যুদ্ধের প্রস্তুতি
তুমি পৌষ ধারালো ছুরির তীক্ষ্ণতা আর নলেনের অমৃত
সম্পদের অতিথি হয়ে এলে পল্লির মাঠে আর কংক্রিট গ্রামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন