লেবেল

শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে --১৭ ।। ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




পৌষ এল ঘরে --১৭

ফটিক চৌধুরী



এক
লক্ষ্মী বসত করে


শীতের আমেজ নিয়ে সকালের রোদ্দুর
                      পড়ে আছে শিশিরের ঘাসে
একটি একটি করে মুক্তোবিন্দু শুষে নিচ্ছে
আর বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে নিঃসীমে।
উত্তর থেকে পৌষালী হাওয়া ধেয়ে আসে
শীতের তীব্রতা বাড়লে জমে ওঠে
                                     নবান্নোত্তর সকাল
খামারে সোনালি ধানের রাশি
                                হাসি ফোটে কৃষকের।
এসময় এখানে লক্ষ্মী বসত করে।






দুই
একটু শীতের জন্য


আমার চেয়ারের পাশে বসবে বলে
জায়গাটা রেখেছিলাম শীতের জন্য
শীতকাল এল,  শীত আর আসে না
                        উষ্ণায়ন বসিয়েছে থাবা
পৌষ তাই অভিমানী হয়ে উপোসী থাকে।

ছোট ছোট দিনগুলো কানের পাশ দিয়ে
বেরিয়ে যায়,  রাত যেন আরও দীর্ঘতর
পৌষের দুঃখের সংসারে
                   সকলের যেন দুখিদুখি ভাব।
কার পৌষমাস জানি না, অজান্তেই
                 আমরা ডেকে এনেছি সর্বনাশ
বিনা মেঘে বজ্রপাতের মত
'জওয়াদ' এসে সব তছনছ করে দিয়ে যায়।

একটু শীতের জন্য আর কত অপেক্ষা করব?










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন