।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৭।।
বসন্ত এসে গেছে
জয়শ্রী সরকার
দূর পাহাড়ের গা ঘেঁষে ওই ফুলের বনে আগুন
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় বলছে যে আজ ফাগুন।
রঙবাহারি ফুলের মেলায় বিচিত্র সব গন্ধ
মনের আগল খুললো তাদের ছিলই যারা অন্ধ!
ফুলেরা সব লাজে রাঙা সবুজ পাতার নৃত্য
দুলছে সবাই খোশমেজাজে, কেউ কারো নয় ভৃত্য।
শিমুল পলাশ ঠাঁয় দাঁড়িয়ে রাঙা পথের ধারে
পর্যটনে আবেশ জাগায় পথের প্রবেশ দ্বারে!
রাঙামাটির পথটি ধরে সাজলো সবাই রঙে
ধিতাং ধিতাং ধামসা মাদোল মাতলো যে যার ঢঙে।
মনফাগুনে আগুন ঢেলে বসন্ত আজ এলো
এসো সবাই মনের সুখে আনন্দদীপ জ্বেলো!
ওই শোনা যায় কবিগুরুর 'ওরে গৃহবাসী'
মনমাতানো সুরের ছোঁয়ায় আনন্দসুখ রাশি।
তাই বলি কী, খুলে দাও দ্বার বসন্ত এলো আজ
মনের সুখে মাতুক সবাই, বসুধা করুক রাজ!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন