লেবেল

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৬।। বসন্ত জাগ্রত দ্বারে — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৬।।




বসন্ত জাগ্রত দ্বারে 

মুক্তি দাশ


কোথা গেল সেই হাড়-কাঁপা শীত?
ঠান্ডাও নেই তেমন জবর!
মাসদুয়েকের জন্যেই মোটে
শীতের বুঝি এ ঝটিকা-সফর!

রাতে বিছানায় লেপ-কম্বল
গায়ে কই আর থাকে না তো সেঁটে-
এবারের মতো তল্পিতল্পা
বেঁধে নিয়ে শীত পড়ল কি কেটে?

মিঠে-কড়া রোদে বুঁদ হয়ে আছে
শরীরের যত অণু-পরমাণু -
এইবার ঘাম ঝরাবে প্রচুর,
সূর্যটা ফের হচ্ছে যে ঝানু!

কুয়াশা-আঁধারে মনমরা শীত
হেঁটে চলে যায় দূর বহুদূরে-
কোকিলের গানে বিদায়-রাগিনী,
দখিনা-বাতাস বয় ফুরফুরে!

মন ভালো করা উদাস দুপুরে 
ফাগুনের সুর বীণার তারে,
বাতাসে উড়ছে রং ও আবীর -
বসন্ত আজ জাগ্রত দ্বারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন