।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ২৭।।
মুক্তির পথ
দীনেশ সরকার
জীবনটা কেটে গেল বন্ধনে বন্ধনে
চারিদিকে মায়াজাল, মন ভাসে ক্রন্দনে।
মুক্তির স্বাদ নেই, নেই খোলা বাতায়ন
অন্ধ কূপের মাঝে ছটফট করে মন।
জীবন তো বয়ে চলে আপন সুর ছন্দে
প্রেম অপ্রেম মাঝে দ্বিধা আর দ্বন্দ্বে।
মন তবু খুঁজে ফেরে প্রতি পল অনুপলে
মুক্তির স্বাদটুকু নিজ অন্তঃস্থলে।
চারিদিকে বন্ধন পথের দিশা রুদ্ধ
কর্দমে মাখামাখি নয় যে পরিশুদ্ধ।
স্বার্থের সংঘাতে মন ক্ষত বিক্ষত
তারই মাঝে খুঁজে ফেরে মুক্তির পথও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন