।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ২২।।
দলবদল
অংশুমান কর
আমি একটি মেয়েকে জানি
যে তার বেকার প্রেমিককে ছেড়ে যেতে পারেনি এখনও
আমি এক কিশোরকে জানি পাঁচ গোল খাওয়া দলের যে হচ্ছে একমাত্র সমর্থক
আমি এক যুবাকে চিনি
বৃদ্ধ পিতাকে যে আজও পৌঁছে দিতে পারেনি বৃদ্ধাশ্রম
আমি এক প্রৌঢ়কে জানি
নির্বাচনে গোহারা হেরে যাওয়া দলের পতাকা
যিনি কাঁধ থেকে নামাতে পারেননি এখনও
প্রৌঢ়টি গান্ডু
কিশোরটি হাঁদা
মেয়েটি দিওয়ানি
যুবাটি আনস্মার্ট
ছেড়ে চলে যাওয়াটা যখন শিল্প
যখন পাঁচিলের ওপর বসে থাকা
বুদ্ধিমান লোকেরা জানে
কাকে, কখন, কোথায় ছেড়ে যেতে হয়
তখন
ওই প্রৌঢ়, ওই কিশোর, ওই মেয়ে, ওই যুবা
না, নন্দনকাননের পারিজাত নয়
মানবপ্রজাতির গালে মানবসভ্যতার
সপাট থাপ্পড়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন