পৌষ এল ঘরে -১৩
জগদীশ মন্ডল
১.
পৌষ এলো ঘরে
পৌষ এলো ঘরে ও ভাই
টুসু এলো ঘরে,
পাকা ধানে ভরা উঠোন
সাজাই থরে থরে।
নলেন গুড়ের গন্ধ ভাসে
শিউলি পাড়ায় পাড়ায়,
নানান ফুলের রঙ বাহারী
বাড়ির দৃশ্য বাড়ায়।
শীতের সকাল দাঁড়ায় এসে
কুয়াশায় গা ঢাকে,
খোকাখুকু বাড়লে বেলা
টুকটুকে রোদ মাখে।
শীত পোশাকে ঢাকে গা পা
বাড়ির বুড়ো বুড়ি,
রাতের বেলা আরাম খোঁজা
লেপ কাঁথা দেয় মুড়ি।
পথের পাশে যে ছেলেটি
ফুটপাতে তার কাটে,
গরম পোশাক দেওয়ার মতো
আছে কেউ তল্লাটে !
আছে কেউ বা দানের জামায়
কষ্টে কাটে রাত,
কনকনে শীত আগুন জ্বেলে
তাতেই সেঁকে হাত।
২.
পৌষের ফুল
পৌষ আসে আসেপাশে নানা ফুল ফোটে
ভোরের সূর্য উঁকি দে যায় আবীর রাঙা মুখ
মধুপ্রিয় মৌমাছি তো ফুলে ফুলে জোটে
লাল দোপাটি গন্ধে বিভোর ভরে ওঠে বুক।
আলো মাখে ফাঁকে ফাঁকে মন ওঠে দুলে
ডালিয়া আর চন্দ্রমল্লিকা হাসি মুখে যুঁই
প্রজাপতি খুশি মতি ঘোরে নানা ফুলে
দুলে দুলে মসরোজকে বলে ফুটবি কখন তুই।
হিমের আঁচল যায় ছড়িয়ে সূর্যমুখির সারি
থোকা থোকা গাঁদা গোলাপ খুশির খেয়ায় ভাসে
সরষে মাঠে পাটে পাটে হলুদ রঙের শাড়ি
হাসনুহানা খুলছে ডানা আনন্দ উল্লাসে।
খুব ভালো
উত্তরমুছুন