লেবেল

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -১৪।। অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -১৪

অমিত কাশ‍্যপ



প্রিয় পৌষ


এক

পিঁড়ি পেতে বসে আছে শীত দাওয়ায়

আমরা এলোমেলো খেলে বেড়াচ্ছি সোনালি রোদে 

মা-কাকিমার দ্রুত হাত অঙ্কনে পটিয়সী

সাতসকালেই কারুকলায় হয়ে উঠেছে নিপুণ গৃহ 


রন্ধনপ্রণালির সামগ্রী যত্ন করছেন ভীষণ ঠাকুমা

সুবাতাসে ভরে উঠেছে পুলি-পিঠে-পরমান্নের ঘ্রাণ 

বাড়ি যেন পবিত্র জাদুকাঠির স্পর্শে স্নিগ্ধ 

পৌষ এল ঘরে, উলুধ্বনিতে এয়োরা


কোথায় যেন এক শুচিতার ছোঁয়া 

কোথায় যেন এক পুজো পুজো গন্ধ 



দুই 

তখন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলতেই থাকে 

আমরা ছোট ভাইবোনেরা শীতে পিঠ পেতে 

নতুন কড়াইশুঁটি ছাড়াচ্ছি, মা মুড়ি মাখচ্ছেন

উত্তুরে শীত ঢুকে আসত জানালার ফাঁক দিয়ে। 


শহরে তখন অত বাড়িঘর হয়নি 

গাছপালা ছিল বেশ, ঠান্ডাও ছিল 

পরীক্ষার পরই ঠিক হত চিড়িয়াখানা, যাদুঘরের গল্প

পৌষ মানেই তৃপ্তির খাদ্য, খেজুর গুড়।


ঘরে ঘরে যেন এক আনন্দের বাতাবরণ

পুজো নেই, তবুও এক সুখ পৌষ এল ঘরে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন