হেমন্তের সকাল -৩৫
বাবলু গিরি
১.
নবান্ন আসছে
হেমন্তের ছাতিম কামিনীকাঞ্চন
খবর দিলো সে আসছে •••
খবর দিলো খেজুর রস,
খবর দিলো নলেন গুড়,
খবর দিলো কণকপ্রভা ধান,
খবর দিলো শিশিরের অঘ্রাণ।
ঝরাপাতা ঢেকে দিচ্ছে পৃথিবীর যন্ত্রণা।
সোনাঝরা রোদ্দুর ঠান্ডা বাতাসের উষ্ণতা,
শিশিরভেজা ঘাসের ঘ্রাণে
খবর ছড়িয়ে গেলো -নবান্ন আসছে।
নবান্ন আসছে কনকপ্রভা রোদ্দুরে ।
২
হেমন্ত এসেছে
হেমন্ত এসেছে শিশির ভেজা শিউলি ফুলে।
হেমন্ত আসে সুনীল আকাশে শীতল বাতাসে।
হেমন্তের মিঠে কড়া রোদ্দুরে
বৃক্ষ পাতা ঝরায়,
কনকরাঙা ধান অন্ন হয়ে ওঠে।
জোৎস্না মেখে থাকে চাঁদের রুটিতে,
খেজুর গুড়ের গন্ধে।
গরীবের বিছানায়,ফুটপাতের শিশুদের
আভিজাত্যের শীত হেসে ওঠে।
হেমন্ত এসেছে নীলিমার পাখসাটে,
হেমন্ত এসেছে নবান্নের মাঠে।
হেমন্ত এসেছে আকাশ প্রদীপ জ্বেলে।
কুয়াশা ঘেরা শিশিরভেজা কামিনি ফুলে।
দারুণ লাগলো
উত্তরমুছুন