লেবেল

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -১৩।। শিউলি নির্ঝর — তপনজ্যোতি মাজি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -১৩।।



শিউলি নির্ঝর

তপনজ্যোতি মাজি


শরৎ রাত্রির ব্রজবুলি। শিশিরের মতো নৈঃশব্দ্য কি

স্বনির্বাচিত? বিরহ না অভিমান বুঝে উঠবার আগেই ভীমপলশ্রী রাগে সানাইয়ের সুর, উমা এলো

পিত্রালয়ে।


এ কেমন বৈপরীত্য! যুদ্ধ-বেশে উমা। কেন তার তরঙ্গিনী রূপ, রণসাজ? যে পথে শিউলি ঝরেছে

সারারাত সেই পথে উমার পায়ের ছাপ যদি অলক্ত

রঞ্জিত হতো, বন্দনা স্তোত্র যদি লেখা হতো বিশুদ্ধ

বাংলায়, ভেবে দেখতেও ভয় হয়।


ভাবাবেগ বড়ো বেশি একমুখী। কখনও কখনও

অনুদার। এমন আবহে শিউলির শান্ত নির্ঝর, এমন

শ্বেতমঞ্জরীর রূপবিন্যাস, পাল্টে দেয় মনের কার্নিশে

ঝুলে থাকা গোষ্ঠী জীবনের ক্লেদ ও দূরপনেও

সংকীর্ণতা।


শরৎ কি শিউলির প্রেমিক? উল্টো করেও ভেবে নেওয়া যায়। এমন যুগলবন্দি ও নিশীথ নির্ণয়

দেখে মনে হয়, যথাযথ বুঝতে পারলে, শিউলিকে

মনে হয় নিশ্চিত অনুঢ়া, চিরায়ত প্রেমিকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন