।। আগষ্ট সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — স্বাধীনতা-১৫।।
স্বাধীনতা
বিকাশ দাস
ঝড়-বৃষ্টি ভুঁয়ে
চিৎ হয়ে শুয়ে
বুকের বলে আকাশ দেখার আনন্দ
মাটির যত্নে মাটির রত্নে ফসলের গন্ধ
জীবন যাপনের আলাপনে মধুর ছন্দ
তুমি স্বাধীনতা
তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।
ভুল থেকে ভুল শুধরে সংকল্পের সমরে
একজোট হয়ে উৎসব-পার্বণ ঘরে ঘরে
বন্ধুর বান্ধব হাত, খিদে জুড়ানো ভাত
তুমি স্বাধীনতা
তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।
জানি,প্রতিদিন জন্মের একদিনই মৃত্যু হবে
শিকলের ঝংকারও একদিন মুক্তির গান হবে
শাণিত শব্দের বাঁধন, পৃথিবীর ঘর-উঠোন
তুমি স্বাধীনতা
তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।
"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"
সন্তান-সন্ততি নিঃস্বার্থ-পুণ্য-সমৃদ্ধির
পায়ে পা মিলিয়ে রক্ত-ঘাম গলিয়ে
তুমি স্বাধীনতা
তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।
শোষণ শাসন ভেঙে চুরে সুরের উদার-নদী
আপন ভোলা মনের পথিক উচ্ছল-জলধি
অনন্তব্যাপী ভোর,পাখির আকাশ বিভোর
তুমি স্বাধীনতা
তুমিই রাজার রাজা রাজার শীলতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন