মানবতাবাদী কবিতা —১৩
রক্ত পিপাসু
স্মৃতি শেখর মিত্র
পড়ে পাওয়া চোদ্দ আনা জীবনটাকে
নিয়ে কী বা করার আছে! যতদিন বেঁচে
আছো একটু ভালবাসতে শিখে নাও
ভালবাসতে বাসতে হয়তো একদিন
ঠিক ভালবাসতে শিখে যাবে।
প্রেমের মাধুরী শুধু ধরায় নয় তোমার
নিজের অন্তরেও খুঁজে পাবে।
খোঁজো, খুঁজতে শেখো বাছাধন!
ঈশ্বর একদিন ঠিক তোমার সহায় হবেন।
যুদ্ধের মাদল বাজিয়ে দেখ বড় বড়
রাষ্ট্রশক্তি কেমন যুদ্ধোন্মত্ত হয়ে উঠেছে।
কত শিশু, অবোধ বালক তার মায়ের
সম্মুখেই হাত পা ছড়িয়ে পড়ে আছে
রাস্তার উপরে। মানুষের পাশবিক নির্যাতন
মানুষের মনুষ্যত্বের উপর রাজ করছে।
পশুরাও এখন মানুষকে দেখে মুচকি
মুচকি হাসে। রাশিয়া,ইউক্রেন, আমেরিকা
ইরান, চীন সবাই এখন মারণাস্ত্র কেনাবেচায় ব্যস্ত।
একটি সুন্দর সভ্যতা গড়তে বহু বছর লেগে যায়
কিন্তু সেই সভ্যতাই মুহূর্তের মধ্যে ধ্বংস এখন
পারমাণবিক অস্ত্রের প্রয়োগে। জাপানের শিশুরা এখনও খোঁড়া,লুলহা, ল্যাংড়া হয়ে জন্মায়,কত
পীড়া তাদের শরীরে কে তার খোঁজ রাখে! রক্তের পিপাসা একদিন এই বিশ্বের মানুষের
নিকট সর্বনাশা কাল হয়ে দাঁড়াবে।
মানব সভ্যতার ইতিহাস কলঙ্কিত হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন