গ্রীষ্মের দুপুর -২৬
দীনেশ সরকার
গ্রীষ্ম
গ্রীষ্মের দুপুর তপ্ত দহন
বাইরে থাকাই দায়
গরম হাওয়া বিঁধছে গায়ে
জ্বলে-পুড়ে যায়।
আধপোড়া সব গাছগাছালি
জল জল করে মরছে
কুকুর হাঁপায় গাছের ছায়ায়
জিভে লালা ঝরছে।
মাঠ-ঘাট সবই ফুটিফাটা
জল নেই খালে বিলে
শুখিয়েছে পুকুর-ডোবা
কমেছে জল ঝিলে।
ঝরছে যে ঘাম শরীর দিয়ে
হাঁস-ফাঁস করে জানটা
একটু বৃষ্টি দাও ভগবান
বাঁচুক সবার প্রাণটা।
রাস্তা-ঘাট সব শুনশান খাঁ-খাঁ
চলছে কমই গাড়ি
সকাল সকাল কাজ সেরে সব
পৌঁছে গেছে বাড়ি।
আইসক্রীমওলা হাঁক দিয়ে যায়
সরু রাস্তা ধরে
পয়সা হাতে কচিকাঁচা
ঠিক বেরিয়ে পড়ে।
আম-কাঁঠালের মিষ্টি সুবাস
প্রতি ঘরে ঘরে
খোকা-খুকু আমতলাতে
আম কুড়োনোর তরে।
তপ্ত দুপুর ওদের মুখে
দেয় ছড়িয়ে হাসি
স্কুল ছুটি তাই তো লোটে
মজা রাশি রাশি।
সবার এখন একটিই চাওয়া,
আয় রে বৃষ্টি আয় রে
গ্রীষ্মকালের দহন জ্বালায়
প্রাণটা বুঝি যায় রে!
আয় রে নেমে মাটির বুকে
শীতল কর এ ধরা
সবুজ হয়ে উঠুক আবার
প্রাণের বসুন্ধরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন