লেবেল

শনিবার, ১৮ জুলাই, ২০২৬

। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-১২।। ঠুঁটো— বিশ্বেশ্বর রায়।।Ankurisha।। E.Magazine.।।Bengali poem in literature।।

 



  ।। জুলাই সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — রথযাত্রা-১২।।



  ঠুঁটো  

  বিশ্বেশ্বর রায়


জগন্নাথের রথ চলেছে গড়গড়িয়ে রাজপথ ধরে,

অগণিত জনগণ রশি ধরে টানে,

ঘর্ ঘর্ শব্দে ঘোরে চাকা,

উড়ছে ধুলোর মেঘ চাকার ঘর্ষণে।

আকাশ ছুঁয়েছে রথের কেতনগুলি।

দর্পিত কেতন শোভিত রথে চলেছেন তিনি

স্থবির, নিষ্কর্মা, ঠুঁটো---কল্পিত ঈশ্বর। 

রথাগ্রে স্বর্ণ-ঝাড়ু হাতে স্বয়ং রাজন

সাফ করে চলেছেন পথের ধূলিকণা, চূর্ণ প্রস্তর।

#

যে রশির টানে ঘোরে চাকা, ছোটে রথ

মানুষ পিষ্ট হয় সে চাকার নীচে চিরকাল। 

তবু তারা টেনে চলে প্রাণপণে যুগযুগান্ত ধরে।

তাদের বলিষ্ঠ হাতের আকর্ষণে 

ঘুরছে সভ্যতার চাকা, চলছে সমাজ-সংসার। 

শত শত সাম্রাজ্যের উত্থান-পতন

তাদেরই শ্রম আর ঘর্মের মূল্যে,

তবু তারা নিতান্ত অপাঙক্তেয়, তুচ্ছ, অসার,

শুধুমাত্র কায়িক শ্রমদাতা আর্থ-সামাজিক অবস্থানে,

ভোক্তা নয়, বিলাসী তো নয়ই।

                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন