লেবেল

রবিবার, ৮ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৯।। বসন্ত এসেছে দ্বারে —দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৯।।



বসন্ত এসেছে দ্বারে

দীনেশ সরকার  

 

গাছে গাছে গাইছে কুহু

দখিনা বায় বইছে হুহু

মন তখন কি ঘরে বাঁধা থাকে,

এসে গেছে মাতাল ফাগুন

পলাশ বনে জ্বলছে আগুন

ফুলে ফুলে ভরা শাখে শাখে।

 

কৃষ্ণচূড়া রঙ ছড়িয়ে

হাতদুটি সে দেয় বাড়িয়ে

ডাকছে এসো, এসো আমার কাছে,

শিমুল বলে, কম কিছু নই

রঙ ছড়িয়ে ধন্য যে হই

মনপাগলের মন্ত্র জানা আছে।

 

গাছে গাছে আম্রমুকুল

গুনগুনিয়ে গায় অলিকুল

ব্যস্ত তারা মধু আহরণে,

চারিদিকে রঙের মেলা

এসেই গেল হোলি খেলা

বসন্ত রঙ লেগেছে আজ বনে।

 

পাতা ঝরা শেষ হয়েছে

সবুজ পাতায় গাছ ভরেছে

সেজেছে প্রকৃতি অপরূপ সাজে,

বসন্ত এসেছে দ্বারে

বাজছে বীণা মনের তারে

উদাসী মন বসে না তাই কাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন