কালো মায়ের পায়ের আলো -৯
কালো মা ও মহাকাল
তু ল সী দা স মা ই তি
কালো মায়ের পায়ের তলায় নির্বিকার পিতৃদেব
ধারণ করে আছেন মহাকালকে।
নীলকন্ঠ পুরুষ শুষে নিচ্ছেন নীল পৃথিবীর বিষ।
আমাদের ঘরে এমন দৃশ্যের ভেতর গড়ে উঠছে
যে বিস্তীর্ণ মায়া, সেখানে এত আঁধার কেনো?
এ প্রশ্নের উত্তর খুঁজতে সসাগরা পৃথিবীর দিকে তাকাই।
দিনরাত্রির চলার মতোই অবিরাম ঘুরতে থাকি
আঁধার পেরিয়ে আলোর দিকে। ছায়াপথ পেরিয়ে অজস্র প্রদীপ। তাদের আলোয় স্নান করতে করতে
বলতে থাকি 'তমসো মা জ্যোতির্গময়।'
মালাতে ঝোলানো মুণ্ডগুলি ফুলের মত হাসলে
কাল ঘুমিয়ে যায় মহাকালের অতল ঘুমে।
আলো আঁধারি ঘরে এভাবে আমরাও অমর হয়ে উঠি।

খুব সুন্দর কবিতা।পাঠে মুগ্ধ হলাম।
উত্তরমুছুনকালোর ভিতর আলো জগত হোল আলো ... আঁধার ঘুচাও মাগো ...
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুন