অণুগল্পের আড্ডা —৪
শেয়াল
সুকুমার রুজ
একটা শেয়াল পুষেছি। খাঁচায় থাকে। একপাল হাঁসও পুষেছি। সাঁতার কাটে, চরে বেড়ায়। শেয়ালটা লোভী চোখে হাঁসগুলোকে দেখে। হাঁসগুলো ভয় পায়।
সময় পেরোয়। হাঁসগুলোর ভয় সরে যায়। কেননা, শেয়ালটা খাঁচায়। হাঁসগুলো ডিম পাড়ে, ছানা হয়। তারা ছানাপোনা নিয়ে উঠোনে ঘোরে-ফেরে।
শেয়ালটা ক্রমশ রোগা হয়। রোঁয়া ওঠে। একদিন সে মৃতপ্রায়। খাঁচা থেকে বের করে দিই। কেমন চুপচাপ পড়ে থাকে। হাঁসগুলোকে জুলজুলিয়ে দেখে। হাঁসগুলোর চোখে সহানুভূতি।
একদিন মৃতপ্রায় শেয়ালটা হাঁসগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। হাঁসদের ভয়ার্ত চিৎকার, ছটফটানি। শেয়ালটাকে আর আটকাতে পারি না। লক্ষ্য করি, সে আয়তনে বাড়ছে। বাড়তে বাড়তে সারা দেশে বিস্তারিত। আর হাঁসগুলোর সাদা পালক রক্তে ভিজতে থাকে, খসে পড়ে, খসতেই থাকে।
অণুগল্প আহ্বান
এই বিভাগে আপনিও আপনার লেখা সেরা মৌলিক ও অপ্রকাশিত অণুগল্পটি (১০০ শব্দের মধ্যে) পাঠিয়ে দিন অঙ্কুরীশা-র পাতায় মেল বডিতে টাইপ করে।
ankurishapatrika@gmail.com


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন