লেবেল

রবিবার, ২৬ জুন, ২০২২

শুধু ছড়ায়... গ্রীষ্মের দুপুর —২৯।। অরুণ কুমার দাঁ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




গ্রীষ্মের দুপুর —২৯

অরুণ কুমার দাঁ




গ্রীষ্ম দুপুর বাজায় নূপুর 

     

গ্রীষ্ম দুপুর ঝুমুর ঝুমুর
বুকের মাঝে বাজায় নূপুর।
ধূ ধূ মাঠে রোদের সুরে
আলের বুকটি কাঁপে দূরে।

গাছের পাতা রোদে পুড়ে
তেতে উঠে গাঁয়ের কুঁড়ে।
বৃষ্টি দেখি আকাশ ফুঁড়ে
ধুলো উড়ে শহর জুড়ে।

গ্রীষ্ম নাচে ছৌ-এর ধাঁচে
পুড়ছে পুকুর তপ্ত আঁচে।
হা-হুতাশে জীবন বাঁচে
আকাশ জুড়ে স্বচ্ছ কাচে।

ফুটিফাটা পুকুর ঘাটে
গাছের নিচে দুপুর কাটে।
ঘামে দর দর ভিজে জামা
মনের সাধ যে জলে নামা।

জল কোথা ওই দীঘির বুকে
তপ্ত আঁচে সব-ই শুকে।
ঘুরে বেড়াই মনের দুখে
পাকা খেজুর ঝুলছে সুখে।

ভরা মিঠে তালের শাঁসে
ডাবের জলে জীবন আসে!
কাঁচা আমে জ্যৈষ্ঠ মাসে
মিষ্টি লিচু ঝাড়ে হাসে।

আকাশ কোনে মেঘ যে এলে
একটুখানি বৃষ্টি দিলে -
তপ্ত শরীর হেসে-খেলে
ভিজতে থাকি বৃষ্টি জলে।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন