প্রকৃতি -ই সুর সংখ্যা —৩০
সেন্টু রঞ্জন চক্রবর্তী
দুরন্ত ছেলেবেলা
অনেকদিন নৌকার পাল দেখিনি
দেখিনি আমার গাঁয়ের সহজ সরল
মানুষের মুখ,
ইট পাথরের খুপরির বাইরে
আমার সে সোনালী অতীত
আজও তাড়া করে
ইচ্ছে করে একটু ছুঁয়ে আসি বন্ধুদের।
মুষলধারে বৃষ্টির কাদাজলে সোনা ব্যাঙের
মিলিত কণ্ঠের সেই মিহি সুর
অনেকদিন শুনতে পাইনি,
শুনতে পাইনি মাঠে ধান কাটার জারি সারি
উঠুনে ধান শুকানো আর
গরু দিয়ে শালীধান মাড়ানো বিকেলের
দারুন ব্যস্ততার দৃশ্য ।
কতকাল চোখে পড়েনি বৈশাখী বাতাসে
আম কুড়ানোর হুড়োহুড়ি,
উঠুনের যাত্রাপালা রূপবান - অরুনশান্তি নিমাইসন্যাস ,
রাতের শেষে কুয়াশায় গা ভিজিয়ে
খোলা মাঠের আইল ধরে হেটে যাওয়ার মতো শান্তি আজ কেবল-ই স্মৃতি।
হল্লা করে ভরদুপুরে
সবার অজান্তে মাঠে ঘুড়ি উড়ানো
বিকেল হলে বকুনির ভয়ে ঘরে ফেরা
আজ তাও স্মৃতি,
শরতের তাল উৎসবে পালা করে রাত জাগা
নিয়মভাঙার দুরন্ত ছেলেবেলার দিনগুলি
আজকে কেবল-ই অতীত
ইচ্ছে করে আর একবার ছুঁয়ে আসি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন