।।অক্টোবর সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — শিউলি -৫।।
শরৎ সুন্দরী
জয়শ্রী সরকার
কাকভোরেতে শিউলি তুমি কেমন করে ফোটো?
ডাক দিয়ে যাও সবাইকে তো সকাল সকাল ওঠো।
কোঁচড় ভরে শিউলি তুলে মনখুশিতে নাচি,
ক'দিন পরেই আসবে যে মা প্রাণের সুখে বাঁচি!
শরৎ তোমার কাশের বনে ঘাসের লুকোচুরি
শিশির ভেজা শিউলি গাছে ফুলের যত কুঁড়ি ।
লাল-কমলার মিষ্টি রঙে রূপটি তোমার খোলে
প্রাণমাতানো গন্ধে তোমার সবার মনই ভোলে!
দেখতে তোমায় ছোট্ট অতি, তবু নজরকাড়া
তাই তো সবার সাতসকালে ফুল কুড়ানোর তাড়া।
দলবেঁধে ওই শিশুরা সব আসছে হেসে হেসে
ফুল কুড়ানোর আনন্দেতে শিউলিতলায় মেশে!
শিউলি ফুলের সুবাস ভরা অপূর্ব এক আশা
শিশুর মনে তোমায় ঘিরে অমল ভালোবাসা ।
তোমায় নিয়ে গান বেঁধে যান হাজার গীতিকারই
শুনলে পরে মন ভরে যায় ভুলতে কী আর পারি!
দু'হাত ভরে শিউলি ফুলে দুর্গামাকে পূজি
শিশির ভেজা সেই তোমাকে সকাল হলেই খুঁজি।
তোমার গুণের নেই তুলনা নও তো শুধু ফুলই
তুমিই আবার মহৌষধি কেমন করে ভুলি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন