গ্রীষ্মের দুপুর -১৩
মোঃ ফায়জল বাকী
গ্রীষ্মের দুপুর
গ্রীষ্মদুপুর ধুঁকছে কুকুর
ধুঁকছে জীবকুল!
বাইরে তাপ দেখায় দাপ
চোখেও সর্ষেফুল!
গ্রাম-শহরে তাপ লহরে
পোড়ায় সারা সৃষ্টি!
খাঁ খাঁ ঝাঁ ঝাঁ
দায় ফেরানো দৃষ্টি!
হা-হুতাশ ব্যাকুল বাতাস
মন যে কেমন করে!
ভরদুপুরে ধায় পুকুরে
শীতল হওয়ার তরে!
গাছের ছায়া করেও মায়া
লাগেও বড় মিষ্টি!
লু-বায় ভিরমি খায়
কি যে অনাসৃষ্টি!
জলের কষ্ট ভীষণ স্পষ্ট
চিন্তা পাকায় জট;
রোদে পুড়েই, তেড়েফুঁড়েই-
জলের ই সংকট!
পুড়ছে ধরা হচ্ছে খরা
আসেও চিন্তা বান!
জলের তরেই ঘুরেফিরেই
প্রাণটা আনচান!
মরীচিকা বিভীষিকা
কণ্ঠাগত প্রাণ,
তারই মাঝে
ব্যস্ত কাজে-
রাখাল বালক
গাড়ির চালক
কণ্ঠ ছেড়েই গাইছে তেড়েই
প্রাণ জুড়ানো গান!


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন