মঙ্গলবার, ৩১ মে, ২০২২

শুধু ছড়ায়... গ্রীষ্মের দুপুর -২।। গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





গ্রীষ্মের দুপুর -২

গোবিন্দ মোদক





গ্রীষ্মের দুপুরে


তপ্ত দুপুর – স্তব্ধ পুকুর

নিঝুম আমবাগান,

একলা পথিক গাছের ছায়ায়

রৌদ্রে মুহ্যমান।


“আইসক্রিম!” যাচ্ছে হেঁকে

ঘন্টি বাজায় দূরে, 

“এক্ষুনি চাই কুলপি মালাই”

খোকা কাঁদে সুরে। 


ভীষণ রোদে ফাটছে মাটি

ঝিমোচ্ছে গাছপালা, 

ভরা গ্রীষ্মে জলের অভাব 

শুকনো নদী নালা। 


রুক্ষ মাঠে ক্লান্ত কৃষক 

ক্লান্ত যে তার গরু, 

উষ্ণ বাতাস লু বয়ে যায় 

স্মরণ করায় মরু। 


রুক্ষ আকাশ রুক্ষ বাতাস 

তৃষ্ণায় ফাটে বুক,

গাছের ছায়ায় ধুঁকছে কুকুর 

কোত্থাও নেই সুখ। 


আম কাঁঠালের বাগানজুড়ে 

পাহারাদার জাগে, 

সূর্য ছড়ায় ভীষণ প্রতাপ 

ভীষণ রকম রাগে। 


কুঁজোর জলে তেষ্টা মেটায়

হাতপাখাটি নিয়ে, 

গল্প বলে রাঙা ঠাকুমা 

মুখেতে পান দিয়ে। 


বাইরে ভীষণ গ্রীষ্ম দুপুর 

শুকনো পাতার রাশি, 

মাঠের কোণে একলা রাখাল 

বাজায় বসে বাঁশি। 


এমন সময় মেঘটা জমে 

পশ্চিমাকাশ জুড়ে,

কালবৈশাখী আসছে বুঝি 

ডম্বরু গুরু সুরে। 


কালবোশেখী দেখবে বলে 

খোকা বায়না করে,

বোশেখ দুপুর দগ্ধ ভীষণ

বন্দি সবাই ঘরে।।











এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা ছড়া আজই পাঠিয়েদিন। আপনার এই ছড়া সম্মানের সাথে অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হবে।


ছড়ার বিষয় — গ্রীষ্মের দুপুর


ankurishapatrika@gmail.com





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন