বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্তের সকাল -৪৪।। মালা ঘোষ মিত্র।।Ankurisha ।।E.magazine ।।Bengali poem in literature ।।

 



হেমন্তের সকাল -৪৪

মালা ঘোষ মিত্র



১.

উৎসব  


হেমন্তের সন্ধ্যায় হিম পড়ে বাইরে
ছাতিম ফুলের গন্ধে মন উতলা
আকাশপ্রদীপ জ্বেলে এক প্রার্থনা
সবার ভালো হোক,
আশ্চর্য সুন্দর করে অন্ধকার
নিস্তব্ধ প্রহরে থাকে গভীর বোধ।
ছড়িয়ে পড়ে অলীক গন্ধ
গাছ ভেঙে পড়ে দিগন্তের হেমন্তে
হিমেল হাওয়ায় আত্মবিস্মৃতি ঘটে।
বিষন্ন সুখ নিয়ে সবুজ পাতারা থাকে।
নিজের ঠিকানা কখন হারাই-----
কুয়াশামাখা ভোরে
সোনালী ধান মাথা দোলায়,
প্রকৃতি কোলে গর্ভবতী মাঠ
নবান্ন উৎসবের সম্ভবনা থাকে,
শান্তি আসুক পৃথিবী জুড়ে।








২.
সৌরভ  

ভোরের মৃদু শিহরিত পরশ
দিলাম তোমাকে—
পাখির কাকলি মুখরিত—
পাহাড় অতল গহীন,
মিষ্টি সুবাসের মাদকতা,
একাকার মিলেমিশে
বাতাস এখন পাগল করে।
হেমন্তের সন্ধ্যায় সপ্তপর্না
শিশির ভেজা মায়ার আসর
কালপুরুষ দেখি আকাশপ্রদীপ জ্বেলে।
আলপথ  ধরে হেঁটে যায়
জ্যোৎস্না নেমে আসে শিশির ভেজা
ধানের উপর, খেজুর বাগানে
জোনাকিরা ছুটে বেড়ায়।
নলেন গুড়ের পায়েস, পিঠের অমরত্ব
হেমন্তের সকালে  প্রকৃতি রূপবতী।












২টি মন্তব্য: