।।জুন সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৬।।
শ্যামলিমাহীন শেষবেলায়
দীপক বেরা
বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ঝাপসা কুয়াশাবন্ধনী
বেরোবার কোথাও কোনো রাস্তা জানা নেই
সব গূঢ়, সব গহন, কেমন যেন রহস্যময়...
এই ধরিত্রী যেন আবরণে আঁধার মেখেছে
অন্তরালে চলে গেছে কবে পূর্ণিমার আলো
দুষ্টু শিশুকাল, কম্পিত কৈশোর, সবুজ বনানী
পুব আকাশের কোলে মুক্তোর মতো ভোর
আর দিনাবসানে পশ্চিমের রক্তরাগ গোধূলি
প্রাণের এইসব স্বপ্ন-কোলাহল থেকে বহুদূরে
হারিয়ে যাচ্ছে জীবনের নন্দিত ইতিকাব্যকথা
এক হাতে ধরে আছি গোলাপের কুসুম
অন্য হাতে মুখোশের আড়ালে ক্লিন্ন যান্ত্রিকতা
দুটি হাতের এই মৌলিক তফাৎটুকু বুঝতে
কত যুগ, কত শতাব্দী পেরিয়ে গেছে...
শ্যামলিমাহীন শেষবেলার এই খণ্ডিত ছায়ায়
আজ সবাই একত্রে শুধু একটি গাছ হতে চাই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন