।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ২।।
বীণা
ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়
ঝরে যদি যায় ফুল, রিক্ত হয় শাখা,
শ্রান্ত বলাকা যদি বন্ধ করে পাখা,
তবু জেনো সে-ই শেষ কথা নয়
বসন্ত ফিরিয়া আসে নিয়ে কিশলয় ।
আকাশ যদি গো রয় মেঘে মেঘে ঢাকা,
পথরেখা যদি নাহি যায় দেখা,
কুটিরে প্রদীপ যদি গো নিভিয়া যায়,
তবু জেনো সে আঁধার শেষ কথা নয় ।
মেঘের তরণী দূরে ভেসে যায়
কোন অজানার হাত ইশারায়,
আকাশ স্নিগ্ধ জ্যোৎস্না ধারায়,
হাসে চাঁদ সেই নীলিমায় ।
জীবন-তরী বেয়ে চলো
দুঃখ সুখের এই জোয়ারে,
ডুব দিয়ে আজ মুক্তো খোঁজো,
ভয়-ভাবনার কে ধার ধারে !
আলো-আঁধার কান্না হাসি,
নিত্য কালের এই তো কথা,
নুতন করে সাজাও জীবন
ভোল সব দুঃখ ব্যথা ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন