গ্রীষ্মের দুপুর -২৮
মানস মণ্ডল
১.
গ্রীষ্মের দুপুর
কুব কুব কন্ঠে নিয়ে
নির্জন দুপুর
নেমে আসে পায়ে পায়ে
রৌদ্রের নূপুর।
বাজে গ্রীষ্ম শুষ্ক মাঠ
জ্বলে জটাজুট
কোথাও রয়েছে শান্ত
লেখা অর্ধস্ফূট।
এসেছি রাজার মত
যাব ঝড় তুলে
পেছনে মেঘের কাব্য
শোন পাতা খুলে।
২.
গ্রীষ্মের ভাষা
গ্রীষ্মের দুপুরটি
একা একা পুড়ছে
পথে-ঘাটে কেউ নেউ
পাখ-পাখি ধুঁকছে।
জল নেই, জল নেই
নদী-নালা খটখট
ফুটি-ফাটা মাঠ থেকে
কুকুরটা চটপট
ঘরে ফিরে, বোসেদের
দানাপানি চাটছে
ঘোষেদের হাঁসগুলো
ঘরে বসে ভাবছে।
আকাশ বাতাস কাঁদে
ঘোরে চক্রাকারে
কাটে না, কাটে না দিন
চাতকের হাহাকারে।
কবে যে আসবে মেঘ
ভেজাবে গ্রীষ্ম ভাষা
ছড়াটি পেখম মেলে
জাগালো নতুন আশা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন