গ্রীষ্মের দুপুর—২৩
শান্তনু গুড়িয়া
সুখের স্মৃতি
চাঁদি ফেটে যাবে রোদ্দুরে
যেওনাকো কাছে দূরে
সারা গায়ে দরদরে ঘাম
মাখি সুরভিত ট্যালকাম
বনবন ঘোরে সিলিঙে ফ্যান
গরম কেন যে ঈশ্বর দ্যান !
এসি চালাই দরজা এঁটে
চোখজোড়া ওই ইন্টারনেটে
কোথায় গেল ছেলেবেলা
পুকুর জলে সাঁতার খেলা
টব টবা টব ডুবতে থাকা
মায়ের বারণ বাবার হাঁকা
ঝাঁপাই ঝুড়ে চোখ দুটো লাল
দুমদাম পিঠে পড়তো যে তাল
মিলতো যে ফল কত কিছু
আম জাম কাঁঠাল তরমুজ লিচু
বিকেলে ঝড় কালবৈশাখী
আমরা তখন দামাল পাখি
আম কুড়াতে পুকুর-পাড়ে
এই বুঝি ডাল পড়লো ঘাড়ে
নতুন বছর নতুন দিনে
হইহই দই মিষ্টি কিনে
কোথায় গেল ছুটির মজা
এখন শুধুই কাজের বোঝা
প্যাচপ্যাচে ঘাম ঘামাচিতে
গরম আসে জীবন নিতে
ওষ্ঠাগত প্রাণে প্রাণে
সুখের স্মৃতি আরাম আনে |


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন