সোমবার, ২৩ মে, ২০২২

আজ নজরুল জন্ম জয়ন্তী... শুধু কবিতায়...কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতায় শ্রদ্ধাঞ্জলি — শ্রীমন্ত দাস৷।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতায় শ্রদ্ধাঞ্জলি 

শ্রীমন্ত দাস




চেতনাতে নজরুল



চেতনাতে আছো তুমি নজরুল

বিদ্রোহে ধূর্জটি,

অন্যায়ে তুমি করো নি আপোস

তোমায় সেলাম কোটি কোটি।


বেয়াদপি তুমি মাফ করো নি

মোল্লা কি পুরোহিতে,

ডেকেছো চেঙ্গিস কালাপাহাড়ে

তালা চাবি ভেঙে দিতে।


তুমি বলেছিলে, মন্দির এই, মসজিদ এই,

গীর্জা এই হৃদয়,

এইখানে বসে মুশা ঈশা পেল

সত্যের পরিচয়।


তবে কেন ওঠে কান্নার রোল

আজানে আর্তনাদ?

কেন দেবালয়ে প্রতিমা ভেঙে

করে সব বরবাদ?


কেন লাগে খুন দুইটি কুসুমে

বৃন্ত ছিন্ন হয়?

এসো মানব প্রেমী,

তোমার স্পর্শে কাটুক সবার ভয়।


শত দুঃখেও ভেঙে পড়ো নি

কি অসীম মনোবল!

দেশ রক্ষায় শেখালে তরুণে

চলরে চলরে চল, চল চল চল।


তোমার বাঙলায় আজও সাম্যের

গায় নি কেউ গান,

কত পথ শিশু পায় নি খাবার

ফুটপাতে তার স্থান।


জানে সব জনে তুমি ছিলে না,

শুধু বিদ্রোহী কবি,

প্রেমের আখরে লিখে গেলে তাই

প্রেম বিরহের ছবি।


জানো! আজও শাওন রাতে

দু-চোখে বারি ঝরে?

প্রেমিক বিহনে প্রেমিকা কাতর

ব্যথিত অন্তরে।


তোমায় হারিয়ে বুঝি ক্ষণে ক্ষণে

সেই বিরহ বেদন,

যেমন করে শাওন রাতে

প্রেমিকার কাঁদে মন।


এসো বিদ্রোহী, এসো প্রেমিক এসো সাম্যবাদী,

তোমার বিহনে আজ বড় লাগে একা,

কে করবে? মোকাবিলা সংকটের?

তুমি ছাড়া আজ সব কিছু লাগে ফাঁকা।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন