শুধু কবিতায়...।। কবি প্রণাম।।
প্রাণের মানুষ
সন্দীপন বিশ্বাস
আমারই চেতনার রঙে তুমি হয়ে উঠলে আর এক ঠাকুর। আমাদের সাংস্কৃতিক ঠাকুর।
প্রতিটি পঁচিশে বৈশাখের তোমার নতুন করে বেঁচে ওঠা অথবা আমাদের জাগিয়ে তোলা।
আমাদের ভিতরের ভীরু, কূপমণ্ডুক রাজাকে মেরে জেগে ওঠার ডাক দাও তুমি।
ডাক দাও চৈতন্যের বদ্ধ দুয়ার ভেঙে সর্বজনীনতার মুক্তধারা বইয়ে দিতে।
কতবার গেছি জোড়াসাঁকোর ওই ঠাকুর বাড়িতে।
নির্জনতার মধ্যে খুঁজেছি তোমার চলা।
খুঁজেছি দিনযাপনের হারানো সেই ছবিকে। অলিন্দে হাঁটছো তুমি।
ছাদে বিকেলের পড়ন্ত রোদে বসেছে গানেরআসর।
দখিনা বাতাস আর বেলফুলের গন্ধ।
বড় মায়াময় সেসব অনুভূতি।
আজ তোমাকে খুব দরকার। আমাদের নিঃশেষ হয়ে যাওয়া বারমাস্যার মধ্যে দীনতা, কাপুরুষতা আর ঈর্ষার জঞ্জালগুলো সরিয়ে নব চৈতন্যের জেগে ওঠার ডাক দিয়েছ তুমি।
দ্বিজ হব। পাখির মতো সেসব খুঁটে খুঁটে খাব আমরা।
তোমাকে শুধু সাহিত্যে বা সঙ্গীতে নয়। পেতে চাই আমাদের বৌদ্ধিক আঙিনায়।
তুমি হয়ে ওঠো আমাদের মনন আর জীবনের প্রতিবেশী।
'কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে, / দেখা মেলে না মেলে না,-- / ও তোরা আয় রে ধেয়ে দেখ্ রে চেয়ে আমার বুকে -- / ওরে দেখ্ রে আমার দুই নয়ানে।'
ভালই।
উত্তরমুছুন