বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -২।। সুবীর ঘোষ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




পৌষ এল ঘরে -২

সুবীর ঘোষ




পৌষের আহরণ


১.
পৌষ এল ঘরে। ঘরে এল পৌষ।  ফসলে।
মনভালো মাস। ছায়াছায়া রোদে কে ভেজে!
পৌষ মানে খুশি । শীতের করুণে   তুলিটান।
নিজ মনে নাচা। বিনা ধারে বাঁচা।  জোড়মন।
খিদেকে হারিয়ে  বাতাসকে ধরা।  রসময়।
বড়ো ঘরে বসা  গাঢ় ঘুমে জাগে চিরপৌষ।
তোমাকে দেখতে   প্রবীণ শালিক । পদাতিক।
পরতে পরতে আমি উপভোগ করছি পৌষ।
কখনও কখনও ভুলে যাই আমি মাটির লোক।



২.
সেই কোন্ পৌষের  বিকেলে কুড়িয়ে নিয়েছিলে ধানশিস
মেঘেরা খুব ভারী হয়ে হারিয়ে ফেলেছিল আকাশের পথ ।
আমাদের নিজস্ব সময়গুলি শেষ হয়ে গেলে
আমরা সময় কোথায় ঋণ পাওয়া যায় তার খোঁজে ছিলাম।
বারুণী বসাক লোক ভালো ছিল না।
সঙ্গে বান্ধবীকে দেখে বলেছিল চুম্বন বাঁধা দিয়ে সময় ধার নিয়ে যেতে পারো।
তারপর কী হয়েছিল আর মনে নেই ।
শুধু মনে আছে পৌষমেলার মাঠের প্রান্তে
রাত বারোটায় ভাজা গরম জিলিপি
যার রাঢ়বাংলার নাম জিলাপি—
ত্যাড়াব্যাকা শহুরে জিলিপি নয়, খাঁটি গ্রামীণ।
তখনই আমরা আসন্ন পৌষল্লায় একসঙ্গে চাক তেঁতুল  যাব ঠিক করে ফেলি।
ঘরে ঘরে ঘুরে যাচ্ছে পৌষপিসিমার ছায়া আর আমরা
বড় অস্থির হয়ে যাচ্ছি যা চাইছি তা পাচ্ছি না বলে।  











এই বিভাগে আপনিও আপনার সেরা মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। 
মেল- ankurishapatrika@gmail.com

৫টি মন্তব্য: