শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল -৪৭।। সৌম্য ঘোষ।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature

 




হেমন্তের সকাল -৪৭

সৌম্য ঘোষ




১.

সবুজ

 

সবুজের কোলে মাথা রেখে দেখি
সবুজ শুধু সবুজ নেই
- হয়েছে আরও গাঢ়।

কত দানব রয়েছে ঘিরে
গোগ্রাসে গিলতে আসে
মাথাগুলো নীচু
কত পা ডিঙিয়ে তবে
একটু ঘুমোতে এলুম।

এক শ্বাসে
গোটা পৃথিবী যেন আমার বুকে
পাখা দুলিয়ে হওয়া করে
কত সবুজ পাখি।

মাটি ফুঁড়ে উঠছে রোজ
কেঁচো, শামুকের দল
পাতাগুলো খেয়ে যাচ্ছে
শুঁয়োপোকার দাঁত
সব কেমন ফ্যাকাসে হলুদ
- আমি, তুমি, ওরা।

কোথা থেকে ধুয়ে এসেছে আজ
সবুজ আর সবুজ।




২.

চিহ্ন


 

যে পথ দিয়ে একদিন হেঁটে এসেছি
আজ বুনো ঘাসে ঢাকা
নদীর চরে কাদা ডিঙোনো পথে
পলির স্তর
মাঝে কত ঝড়
শুকনো পাতার স্তূপ
স্তরে স্তরে চাপা।

বারেবারে ফিরে গেছি
খুঁজেছি ফেলে আসা চিহ্ন
থমকে গেছে পা
মেলেনি কিছুই।

কত লোকে দলে গেছে
সেসব আজ মলিন
তবু ভেজা মাটি, টলটলে শিশির
বড় চেনা
মনে হয় আরেকটু দাঁড়াই।

পা মচকালো তার শূন্য উঠোনে
যেখানে একদিন
হুমড়ি খেয়ে পড়েছি
সেদিনও কেউ ছিল না।










২টি মন্তব্য: